ইংলিশ ও ইতালিয়ান ফুটবলে মেসির ভালো লাগা
ইংলিশ ও ইতালিয়ান ফুটবলের প্রতি ভালো লাগা থাকলেও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছা নেই লিওনেল মেসির। ক্যারিয়ারের সেরা সময়টা স্পেনের এই ক্লাবেই কাটিয়ে দিতে চান পাঁচবারের বর্ষসেরা তারকা।
মাঝে মধ্যেই মেসির বার্সেলোনা ছাড়ার উড়ো খবর নিয়ে গুঞ্জন ওঠে। গত মৌসুমে সেটা বাড়তি মাত্রা পায়। আর সম্প্রতি ক্লাবটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিভুক্ত হলে আর্জেন্টিনা অধিনায়কের ইংলিশ ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা দেখেন কেউ কেউ।
বরাবরই অবশ্য এসব সম্ভাবনার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসি। মিশরের টিভি চ্যানেল ‘এমবিসি’কে মেসি আবারও সেই একই কথা বললেন।
“আমি ইংলিশ ও ইতালিয়ান ফুটবল পছন্দ করি। সব বড় ম্যাচই আমি দেখি, কিন্তু আগেও যেমন বলেছি, আরও অনেক বছর বার্সেলোনাতেই খেলার এবং এখানে অবসর নেওয়ার ইচ্ছা আমার।”
তবে অজানা ভবিষ্যতে নতুন কোনো কিছুর সম্ভাবনাই উড়িয়ে দেননি ২৮ বছর বছর বয়সী এই তারকা।
“আশা করি, পরিকল্পনা অনুযায়ী সব কিছু হোক যেন আমি মন পাল্টাতে বাধ্য না হই। তবে ফুটবলে কখনোই আপনি নিশ্চিত করে বলতে পারেন না। কোনো কিছু এক দিন পরেই পাল্টে যেতে পারে।”
