২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় খেলার সামর্থ্য নিয়ে সংশয় ছিল সুয়ারেসের!

চলতি মৌসুমেও বার্সেলোনার জার্সিতে গোলের পর গোল করে চলেছেন লুইস সুয়ারেস। এরই মধ্যে ৪৩ গোল করা উরুগুয়ের এই ফরোয়ার্ড জানিয়েছেন, বার্সেলোনায় খেলার সামর্থ্য নিয়ে সংশয়ে ছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেস। লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গত মৌসুমে জিতেছেন ট্রেবল। ‘এমএসএন’ ত্রয়ীর হাত ধরে চলতি মৌসুমেও সাফল্যের পুনরাবৃত্তির দিকে ছুটছে কাতালান দলটি।

স্বপ্নের ক্লাব বার্সেলোনায় আসার আগের ভাবনা এতদিন পর হেলডেন টিভিকে জানান সুয়ারেস।

“বার্সেলোনার হয়ে খেলার জন্য স্বপ্ন দেখতাম কিন্তু বিশ্বাস করতাম না, বার্সার নয় নম্বর জার্সিতে খেলার মতো যথেষ্ট ভালো ছিলাম আমি।”

“আপনি সব সময় সেরাদের সঙ্গে খেলতে চাইবেন এবং এখন আমি সেটাই করছি; লিওনেল মেসি, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেতসদের সঙ্গে খেলছি,” যোগ করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মেসি-নেইমার-সুয়ারেসে সাজানো বার্সেলোনার আক্রমণভাগের ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যের সম্পর্কের গভীরতা নিয়েও কথা বলেন উরুগুয়ে তারকা।

“আমরা সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার, সেটা হলো এক সঙ্গে জেতা। আমরা সবাই ‍সুখী এবং আমার, নেইমার ও মেসির মধ্যে কোনো ঈর্ষা নেই।”

“কে গোল করল এসব (ভাবনা) আমরা পাত্তা দেই না, দলের ভালো করাটাই আমরা গুরুত্ব দেই। আমাদের মধ্যে সব কিছু আসে সহজাতভাবে”, যোগ করেন তিনি।