২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের ইঙ্গিত আর্জেন্টিনার দেমিচেলিসের

আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন মার্তিন দেমিচেলিস। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর জাতীয় দলকে বিদায় বলতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় করদোবায় বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা।

‘পরিস্থিতির বাস্তবতা’ বোঝার দাবি করে দেমিচেলিস বলেন, “আমাকে সচেতন হবে যে, এটা আমার শেষ ম্যাচ হতে পারে এবং আমি সেভাবেই ম্যাচটা খেলতে চাই।”

“সত্যিটা হলো, পরের বিশ্বকাপ আমার শরীর ও মনের জন্য অনেক দূরে। এগুলো আমাকে বলছে, এটাই আমার শেষ ম্যাচ হতে পারে। যদি সেটা করদোবায় হয়, তাহলে আমার জন্য সেরা জায়গা হবে, কারণ যেখানে আমি কিছু সময় খেলেছি,” যোগ করেন তিনি।

বয়স যে পয়ত্রিশ পেরিয়ে ছত্রিশ হওয়ার পথে, সেটাও মনে রেখেছেন দেমিচেলিস, “বয়স সাড়ে ৩৫ বছর হতে চলল এবং জানি না, আর কত সুযোগ আমি তৈরি করে দিতে পারব। দল মনে করে আমি অবদান রাখতে পারি। এই বয়সেও তা করতে পেরে আমি গর্বিত।”