২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর কোনো দলে সুয়ারেসের মতো খেলোয়াড় নেই’

নিষেধাজ্ঞা কাটিয়ে উরুগুয়ের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আলো ছড়ানো লুইস সুয়ারেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্কার তাবারেস। উরুগুয়ে কোচের দাবি, বিশ্বকাপ বাছাইয়ে আর কোনো দলে সুয়ারেসের মতো খেলোয়াড় নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ ২-২ ড্র হয়। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর এদিনসন কাভানি ও সুয়ারেসের গোলে ব্রাজিলের রেসিফির মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরে উরুগুয়ে।

রেসিফের ম্যাচের প্রসঙ্গ টেনে সুয়ারেসের প্রশংসায় তাবারেস বলেন, “সুয়ারেসের মতো এতো অভিজ্ঞ, পরিণত এবং ধারাবাহিকভাবে ভালো করা ফুটবলার বাছাইয়ে আর কোনো দল পাবে না।”

“চমৎকার ক্যারিয়ার তার আছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে তিনটা সুযোগ তৈরি করেছে, একটি কাজে লাগিয়েছে,” যোগ করেন তিনি।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ার কারণে সব ধরনের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আলো ছড়ানো সুয়ারেসের হার না মানা মানসিকতার প্রশংসাও করেন তাবারেস, “সে একজন খেলোয়াড়, যে আত্মসমর্পন করে না, যে বলের জন্য লড়াই করে।”