‘ইউরোর জন্য গোল জমাচ্ছেন রোনালদো’
বুলগেরিয়ার বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল না পাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন ফের্নান্দো সান্তোস। তারকা এই ফরোয়ার্ড ইউরোর মূল পর্বের জন্য গোল জমিয়ে রাখছেন বলে উল্লেখ করেছেন পর্তুগালের কোচ।
নিজেদের মাঠে গত শুক্রবার বুলগেরিয়ার কাছে ১-০ গোলে হারে সান্তোসের দল। অভিষিক্ত মার্সেলিনিয়োর গোলে ১৯তম মিনিটেই পিছিয়ে পড়া পর্তুগালকে সমতায় ফেরানোর সহজতম সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। ৬৭তম মিনিটে তার নেওয়া পেনাল্টি কিক ফিরিয়ে দেন বুলেগরিয়ার গোলরক্ষক।
ম্যাচ শেষে সান্তোস বলেন, “জাতীয় দল আর ক্লাবের যেখানেই খেলুক, সব সময়ই সে প্রতি মৌসুমে ৪০, ৫০ গোল করার উদাহরণ রেখে আসছে।”
"(বুলগেরিয়ার বিপক্ষে) সে গোল করেনি। কিন্তু সে ইউরোর জন্য তার গোল জমাচ্ছে,”
ফ্রান্সে ইউরো ২০১৬-এর মূল পর্ব শুরু হবে আগামী ১০ জুন। পর্তুগালের অভিযান শুরু হবে ১৪ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
