২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রুইফের ম্যাচে’ ডাচদের হার

সদ্য প্রয়াত ইয়োহান ক্রুইফকে শ্রদ্ধা জানানোর ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গেছে তার দেশ নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 03:42 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

রোনালদোর পেনাল্টি ব্যর্থতায় পর্তুগালের হার

আমস্টারডামে শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে জেতে ফ্রান্স।
 
ম্যাচের চতুর্দশ মিনিটে খেলা সাময়িক বন্ধ করে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যাওয়া কিংবদন্তি এই ফুটবলার ১৪ নম্বর জার্সি পরে খেলতেন। 
 
নীরবতা পালনের এক পর্যায়ে গ্যালারি-ভরা দর্শক উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় নেদারল্যান্ডস, বার্সেলোনা ও আয়াক্সের সাবেক ফুটবলারকে।
 
শুক্রবার ১৪ নম্বর জার্সি পরা ব্লেইস মাতুইদির গোলেই হারে ডাচরা।
 
অন্তনি গ্রিজমান ও অলিভিয়ে জিরুদের গোলে ১৩ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে নাইজেল ডি ইয়ং ও ইব্রাহিম আফেলাইয়ের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। 
 
৮৭তম মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন মাতুইদি। 
 
শুক্রবার আরেক প্রীতি ম্যাচে অভিষিক্ত মার্সেলিনিয়োর গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারায় বুলগেরিয়া। দলকে সমতায় ফেরানোর সহজতম সুযোগ নষ্ট করেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ৬৭তম মিনিটে তার নেওয়া পেনাল্টি রুখে দেন বুলগেরিয়ার গোলরক্ষক। 
 
শুক্রবার লাক্সেমবার্গকে ৩-০ গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ড ১-০ গোলে জয় পায়। আর লাটভিয়া-স্লোভাকিয়া ও আর্মেনিয়া-বেলারুশের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।