২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর পেনাল্টি ব্যর্থতায় পর্তুগালের হার

ক্রিস্তিয়ানো রোনালদোর পেনাল্টি ব্যর্থতায় বুলগেরিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:44 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

‘ক্রুইফের ম্যাচে’ ডাচদের হার

পর্তুগালের লেইরিয়াতে প্রীতি ম্যাচে শুক্রবার ১৯তম মিনিটে বুলগেরিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন অভিষিক্ত মার্সেলিনিয়ো। 
 
পিছিয়ে পড়ার পর থেকে ম্যাচটি নিয়ন্ত্রণ করে পর্তুগালই। তবে রোনালদোরা যেন সুযোগ নষ্ট করার মহড়া দিতেই নেমেছিলেন। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় আর ফেরা হয়নি ফের্নান্দো সান্তোসের দলের। 
 
নানি, জোয়াও মারিও আর আদ্রিয়েন সিলভারা সহজ সুযোগ হাতছাড়া করেন পোস্টের বাইরে দিয়ে মেরে। অন্যদিকে রোনালদোদের লক্ষ্যে থাকা বেশ কয়েকটি শট অসাধারণ দক্ষতায় রুখে দেন বুলগেরিয়ার গোলরক্ষক। 
 
পর্তুগালকে সমতায় ফেরানোর সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করেন অধিনায়ক রোনালদো। ৬৭তম মিনিটে তার নেওয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক। ডি বক্সের মধ্যে বল বুলগেরিয়ার নিকোলাই বদুরভের হাতে লাগায় পেনাল্টিটি পায় পর্তুগাল। 
 

এই নিয়ে টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে পারলেন না রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে গত রোববার সেভিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তারকা এই ফরোয়ার্ড।  স্বাগতিক দর্শকরা এই হারের হতাশা লুকাতে পারেনি। খেলা শেষের বাঁশি বাজার পর পর্তুগালের খেলোয়াড়দের দুয়ো দেয় তারা।  শুক্রবার নিজেদের মাঠে প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হারে নেদারল্যান্ডস। অন্তনি গ্রিজমান ও অলিভিয়ে জিরুদের গোলে ১৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে নাইজেল ডি ইয়ং ও ইব্রাহিম আফেলাইয়ের গোলে সমতায় ফেরে ডাচরা। ৮৭তম মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করে ব্লেইস মাতুইদি।  শুক্রবার লাক্সেমবার্গকে ৩-০ গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ড ১-০ গোলে জয় পায়। আর লাটভিয়া-স্লোভাকিয়া ও আর্মেনিয়া-বেলারুশের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।