২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার ‘টিম স্পিরিটে’ মুগ্ধ মেসি

বিশ্বকাপ বাছাইয়ে চিলির মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা আকাঙ্ক্ষিত জয় নিয়ে ফেরায় মুগ্ধ লিওনেল মেসি। ‘টিম স্পিরিট’ দেখে দারুণ গর্বও হচ্ছে আর্জেন্টিনা অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 03:58 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পিছিয়ে পড়ার পর চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। আনহেল দি মারিয়া আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর পর প্রথমার্ধেই গাব্রিয়েল মেরকাদোর গোল বাছাইয়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয় এনে দেয়।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ‘টিম স্পিরিট’ নিয়ে মেসি বলেন, “চিলি সহজ প্রতিপক্ষ ছিল না। কিন্তু ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ানোর মতো যোগ্যতা আমাদের ছিল।”

বাংলাদেশ সময় আগামী বুধবার বাছাইপর্বের পরের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসি এ ম্যাচেও পুরো তিন পয়েন্ট পাওয়ার আশা করছেন।

“মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে আমাদের আরেকটি কঠিন ম্যাচ আছে। নিজেদের মাঠে আমরা পয়েন্ট হারাতে পারি না।”

বাছাইয়ের শুরুতে ঘরের মাঠে একুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বসে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের দুই ম্যাচে যথাক্রমে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য এবং ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অবশেষে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছিল আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে চিলি আছে ষষ্ঠ স্থানে।

নিজেদের মাঠে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাছাইপর্বের একমাত্র অপরাজিত দল একুয়েডর।