২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি-স্পেন ড্র

আথলেতিক বিলবাওয়ের অভিজ্ঞ স্ট্রাইকার আরিৎস আদুরিসের গোলে ইতালির সঙ্গে ড্র করেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপের দুই পরাশক্তির মধ্যে প্রীতি ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:59 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

ইতালির উদিনেজে শহরে বৃহস্পতিবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭তম মিনিটে প্রতি আক্রমণে নাপোলির উইঙ্গার লরেন্সো ইনসিনিয়ের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে তিন মিনিটের মধ্যে গোলটি শোধ করে দেন আথলেতিকের হয়ে এই মৌসুমে ৩১ গোল করা আদুরিস।

দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের এটি স্পেনের হয়ে প্রথম গোল। প্রথম ম্যাচটি তিনি খেলেছিলেন ছয় বছর আগে।

টানা সাতটি ম্যাচ জেতার পর থামল স্পেন। তবে গোলরক্ষক দাভিদ দে হেয়ার নৈপুণ্যে হার এড়াতে পারে তারা।

ইউরো ২০১৬ –এর চূড়ান্তপর্বের জন্য দুই দলই প্রস্তুতি নিচ্ছে। ‘ডি’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক ও তুরস্ক। ইতালির ‘ই’ গ্রুপে আছে বেলজিয়াম, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেন।