২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় হার

শেষটা ভালো করার প্রত্যাশায় জর্ডান গিয়েছিল বাংলাদেশ। উল্টো স্বাগতিকদের কাছে ৮-০ গোলে উড়ে গিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের সবচেয়ে বড় হার দিয়ে শেষটা হলো গনসালো সানচেস মরেনোর শিষ্যদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 09:08 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল খেয়ে বাছাইয়ে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে জীবন-রেজাউলরা।

এবারের বাছাই পর্বে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মাঠে ৫-০ গোলে হেরেছিল তারা।

প্রথম লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্ডানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮২তম) চেয়ে ঢের এগিয়ে থাকা জর্ডান (৮৭তম) নিজেদের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যায়। গায়ের সঙ্গে লেগে বাংলাদেশের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন দারদৌর। সতীর্থের বাড়ানো বলে প্লেসিং শটে ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ছয় মিনিট পর প্রতিপক্ষের ইয়াসিন আল বাখতিকে রেজাউল ফাউল করলে পেনাল্টি পায় জর্ডান। দাইব তা থেকে স্কোরলাইন ৩-০ করে দেন। এরপর ইউসুফ আল রাওয়াশদে ও হামজা আল দারদৌর হ্যাটট্রিক পূরণ করলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ৬৩তম মিনিটে ফয়সাল বাহার গোলের পর ৮২তম মিনিটে দারুণ এক গোল করেন স্বাগতিক দলের ইউসুফ আল নাবের ফয়সালের বাড়ানো বল এক সতীর্থ ধরতে ব্যর্থ হলে বক্সের মধ্যে পেয়ে যান ইউসুফ; বাংলাদেশের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ব্যাক হিলে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আরেক গোল হজম করে বাংলাদেশ। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন জর্ডানের সামির।

সাত ম্যাচে পঞ্চম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জর্ডান। তাজিকিস্তানের সঙ্গে ড্র করে আট ম্যাচে পাওয়া কেবল ১ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ।

দিনের অন্য ম্যাচে তাজিকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়া ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে।