২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে পেয়ে মধুর সমস্যায় মার্তিনো

লিওনেল মেসি দলে ফেরায় জেরার্দো মার্তিনোর কণ্ঠে একই সঙ্গে স্বস্তি ও আনন্দ। যোগ হয়েছে মধুর এক সমস্যাও! চিলির বিপক্ষে আক্রমণভাগে দলের সেরা তারকার পাশে কোন সেন্টার ফরোয়ার্ডকে খেলাবেন, তা নিয়ে এখন ভাবছেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

হাঁটুর চোটের কারণে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম চার রাউন্ডে খেলতে পারেননি মেসি। বার্সেলোনার এই তারকাকে ছাড়া আর্জেন্টিনার সে পথচলাটাও ছিল বেশ কঠিন।

পাঁচবারের বর্ষসেরা তারকাকে ফিরে পেয়ে তাই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী মার্তিনো।

“মেসির উপস্থিতি শান্তিদায়ক, প্রেরণাদায়ক ও সবসময় প্রয়োজনীয়।”

চিলির রাজধানী সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে ম্যচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়।

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের বেশিরভাগ ম্যাচে একই সঙ্গে গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো ও মেসিকে নিয়ে গড়া আক্রমণভাগ নিয়েই খেলে আর্জেন্টিনা। কিন্তু মার্তিনো দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো ও নাপোলির স্ট্রাইকার হিগুয়াইনের মধ্যে এক জনকেই বেছে নেন তিনি।

তবে ওই দুই জনের সাম্প্রতিক ফর্মের বিবেচনায় মার্তিনোর কাজটা বড় কঠিনই হবে। নিজ নিজ ক্লাবের হয়ে সাম্প্রতিক সময়ে দুজনই দারুণ খেলছেন।

সান্তিয়াগোর উদ্দেশ্যে যাত্রার আগে বুধবার সংবাদ সম্মেলনে মার্তিনো এ প্রসঙ্গে বলেন, “আমাদের দলে বিশ্বের সেরা দুই জন সেন্টার ফরোয়ার্ড আছে। তাই যেভাবে আমরা খেলি, তাতে তাদের যে কোনো এক জনের প্রতি আমাকে অবিচার করতে হবে। যে খেলবে তার ভালো লাগবে, যে খেলবে না তার খারাপ লাগবে।”