স্বাধীনতা কাপের ভিন্ন গ্রুপে আবাহনী, মোহামেডান
স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে ফুটবলের ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান দুই গ্রুপে পড়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বৃহস্পতিবার স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ এই আসর দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের ২০১৫-১৬ মৌসুম।
স্বাধীনতা কাপের শিরোপাধারী মোহামেডানের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।
‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি, সকার ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস।
ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ছাড়াই শুরু হচ্ছে স্বাধীনতা কাপ। এছাড়াও খেলছে না আরামবাগ ক্রীড়া চক্র।
শেখ জামাল ও আরামবাগের অনুপস্থিতি নিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, “আমরা ১২ দল নিয়ে স্বাধীনতা কাপ করতে চেয়েছিলাম; এজন্য আমরা সবাইকে চিঠি দিয়েছিলাম। ১০ দল সাড়া দিয়েছে। তারা কেন খেলবে না, এটা তারাই ভালো বলতে পারবে।”
