আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা
নিজের ‘আর্দশ’ লিওনেল মেসির সঙ্গে খেলতে মুখিয়ে ছিলেন পাওলো দিবালা। কিন্তু পেশির চোটের কারণে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে তার। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হচ্ছে না আর্জেন্টিনার এই উঠতি ফরোয়ার্ডের।
চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে পারেননি দিবালা। গত রোববার সেরি আতে তোরিনোর বিপক্ষে ম্যাচে ফিরলেও ৩২ মিনিট পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেন ইউভেন্তুস কোচ।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৯ মার্চ বলিভিয়ার বিপক্ষে খেলবে মেসিরা।
আর্জেন্টিনা কোচ জেরার্দ মার্তিনো বলেন, “দিবালার সরে দাঁড়ানোটা অপ্রত্যাশিত ছিল না। ইউভেন্তুস যথেষ্ট আন্তরিকভাবে তাকে আর্জেন্টিনায় পাঠিয়েছিল কিন্তু সে এই দুই ম্যাচে খেলার জন্য প্রস্তুত নয়।”
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গত চার ম্যাচ চোটে পড়া মেসিকে ছাড়া খেলেছে আর্জেন্টিনা। এক জয় ও দুই ড্রয়ে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
