২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়রথ থামাল ভিয়ারিয়াল

লা লিগায় অদম্য গতিতে ছুটে চলা বার্সেলোনার জয়রথ অবশেষে থামল। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে হারানো ভিয়ারিয়ালের মাঠে হোঁচট খেয়েছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:57 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

পুরনো খবর:

রিয়ালের বিপক্ষে খেলার ধরন বদলাবে না বার্সা
ড্রকেও দারুণ ফল বললেন বার্সা কোচ

ভিয়ারিয়ালের মাঠে রোববারের এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ২-২ এ ড্র করে করে বার্সেলোনা। লিগে টানা ১২ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো দলটি।

জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল মেসি-নেইমাররা।

ম্যাচের প্রথম মিনিটেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি-বক্সে জটলার মধ্যে স্বাগতিক মিডফিল্ডার ত্রিগেরসের আলতো করে বাড়ানো বল গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করলেও পোস্টে লাগে।

ষষ্ঠদশ মিনিটে ২০ গজ দূর থেকে জোরাল শট নিয়েছিলেন মেসি, তবে তা লক্ষ্যে থাকেনি। ২০তম মিনিটে মেসির ফ্রি-কিক থেকেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। উড়ে আসা বল ভিয়ারিয়ালের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দেন ইভান রাকিতিচ।

৩৯তম মিনিটে স্বাগতিক শিবিরে বড় হতাশা হয়ে আসে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। বল পায়ে বক্সে ঢুকে পড়া নেইমারে পা থেকে দক্ষতার সঙ্গে বল কেড়ে নিয়েছিলেন গোলরক্ষক। কিন্তু নেইমার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই স্পটকিক থেকে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা।

রিপ্লে দেখে মনে হয়েছে, পড়ার জন্য যেন তৈরিই ছিলেন নেইমার। এটা দিয়ে লা লিগার এ মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ ১৬টি পেনাল্টি পেল বার্সেলোনা। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে এ পর্যন্ত আর কোনো দলই এক মৌসুমে এত বেশি স্পট কিক পায়নি।

বিরতির পর পাল্টা আক্রমণে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন সেদ্রিক বাকাম্বু। ৫৭তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেসের কোনাকুনি শট গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড বাকাম্বু।

ছয় মিনিট পরেই ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল খেয়ে বসে বার্সেলোনা। কর্নারে বাকাম্বুর ফ্লিক জেরেমি মাথিউয়ের গায়ে লেগে জালে ঢুকে যায়।

সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে এটাই বার্সেলোনার প্রথম আত্মঘাতী গোল।

এই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩০ ম্যাচে ৭৬। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর চেয়ে এখনও ৯ পয়েন্ট এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৪।