২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরাতা-পগবার নৈপুণ্যে ইউভেন্তুসের জয়

আলভারো মোরাতা আর পল পগবার নৈপুণ্যে সেরি আতে নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইউভেন্তুস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:06 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

রোববার তোরিনোর মাঠে দলকে জেতাতে স্পেনের ফরোয়ার্ড মোরাতা করেন জোড়া গোল। আর ফরাসি মিডফিল্ডার পগবা একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন। 
 
৩৩তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে ইউভেন্তুসকে এগিয়ে দেওয়া গোলটি করেন পগবা। 
 
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির মিডফিল্ডার খেদেইরা। তোরিনোর ডি বক্সের বাইরে তাকে বল দিয়েছিলেন মারিও মানজুকিচ। বল পেয়ে দ্রুত গতিতে বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। এর পর ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে পৌঁছে দেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। 
 
একটি গোল করেও ম্যাচটি ভালো যায়নি খেদেইরার। ৮৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। 
 
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আন্দ্রেয়া বেলোত্তির পেনাল্টি গোলে ব্যবধান কমায় তোরিনো। 
 

৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মোরাতা। স্পেনের এই ফরোয়ার্ডকে অসাধারণ এক থ্রু পাস দিয়েছিলেন পগবা। তা থেকেই ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান মোরাতা।  ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৪-১ করেন মোরাতা। তার এই গোলেও সহায়তা ছিল পগবার। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন পগবা। তোরিনোর খেলোয়াড়দের গড়া দেয়ালে লেগে বল আবার ফিরে আসে তারই কাছে। এর পর তিনি পাস দেন বক্সের মধ্যে অরক্ষিত থাকা মোরাতাকে। মোরাতাও সহজেই লক্ষ্যে পৌঁছে দেন বল।   এই জয়ের পর ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস।  রোববারের আরেক ম্যাচে ফ্রোসিনোনের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে ফিওরেন্তিনা। ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের।