২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোয় সুয়ারেসকে না পাওয়া নিয়ে চিন্তিত নন এনরিকে

লুইস সুয়ারেসের চার হলুদ কার্ড নিয়ে চিন্তিত নন লুইস এনরিকে। ভিয়ারিয়ালের বিপক্ষে সামনের লিগ ম্যাচে আর সব ম্যাচের মতোই সুয়ারেস খেলবেন বলে জানিয়েছেন বার্সেলোনার এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 12:40 AM

Updated : 12 Apr 2022, 01:40 AM

এরই মধ্যে চারটি হলুদ কার্ড পেয়েছেন সুয়ারেস। আগামী রোববার লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে আরেকটি হলুদ কার্ড দেখলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচে খেলা হবে না উরুগুয়ের এই ফরোয়ার্ডের।

ক্লাসিকোর কথা ভাবলেও সুয়ারেসকে ভিয়ারিয়ালের বিপক্ষে না খেলানোর পরিকল্পনা নেই এনরিকের। প্রতিটি ম্যাচে সব খেলোয়াড়কে পাওয়াটা ভালো লাগে জানিয়ে বার্সেলোনা কোচ বলেন, “অবশ্যই আর সব ম্যাচের মতোই ভিয়ারিয়ালের বিপক্ষে একইভাবে খেলবে সুয়ারেস।”

২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। শনিবার রাতে স্পোর্তিং গিহনের মাঠে আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় এনরিকের মুকুট ধরে রাখার পথটা আরেকটু সহজ হয়েছে। তবে প্রতিপক্ষকে সমীহ করে বার্সেলোনা কোচ বলেন, “লা লিগায় ভিয়ারিয়াল অন্যতম ভালো দল।”