গিহনের মাঠে হেরেই গেল আতলেতিকো
অন্তনি গ্রিজমানের গোলে এগিয়ে যাওয়া আতলেতিকো মাদ্রিদের শেষ রক্ষা হয়নি। অবনমন অঞ্চলে থাকা স্পোর্তিং গিহনের মাঠে হেরে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে দিয়েগো সিমেওনের দলটি।
শনিবার রাতে গিহনের মাঠে ২-১ গোলে হারে আতলেতিকো। এই হারের পর ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সিমেওনের দলের ব্যবধান ৮ পয়েন্টের।
এই জয়ের পর ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে গিহন।
প্রতিপক্ষের মাঠে ২৯তম মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করে আতলেতিকোকে এগিয়ে নেন গ্রিজমান। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় গিহন। ৭৯তম মিনিটে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া আইয়ালার ফ্রি কিক আতলেতিকোর খেলোয়াড়ের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।
দশ মিনিট পর এগিয়ে যায় স্বাগতিকরা। জোনাথন রদ্রিগেস মেনেনদেজের বাড়ানো বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এল সালভাদোরের ফরোয়ার্ড কার্লোস গার্সিয়া এই গোলেই লিগে আতলেতিকোর পঞ্চম হার ও গিহনের সপ্তম জয় নিশ্চিত করে।
