শিরোপার পথে বায়ার্নের আরেক ধাপ
ঘরোয়া লিগের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বায়ার্ন মিউনিখ। কোলনকে একমাত্র গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় শনিবারের এই ম্যাচে বায়ার্নের জয়ের নায়ক রবের্ত লেভানদোভস্কি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের দশম মিনিটেই জয়সূচক গোলটি করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
এবারের বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির এটা ২৫তম গোল। বরুসিয়ার ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং ২২ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন।
এই জয়ে ২৭ ম্যাচে বায়ার্নের পয়েন্ট হলো ৬৯। এক ম্যা্চ কম খেলা বরুসিয়া ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
