২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের চিন্তা কেবল রক্ষণে: মারুফুল

তার হাত ধরেই ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। জাতীয় দল ছেড়ে শেখ রাসেলের কোচের দায়িত্বে ফেরা মারুফুল হকের কাঁধে আবার ত্রি-মুকুট জেতানোর চ্যালেঞ্জ। প্রত্যয়ী কণ্ঠে তা জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন মারুফুল। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় স্পষ্টভাষী এই কোচ লক্ষ্য পূরণের পথে ছোটখাট বাধা থাকার কথা জানাতেও ভোলেননি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 09:41 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

প্রশ্ন: দেশি-বিদেশি মিলিয়ে দলটা কেমন হলো? প্রস্তুতি কেমন চলছে?

মারুফুল হক: চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গত কয়েক বছর ধরে শেখ রাসেল দল গঠন করছে। এবারও সেভাবেই দেশি-বিদেশি খেলোয়াড় সংগ্রহ করেছি। আমরা প্রায় ছয় সপ্তাহ ধরে অনুশীলন করেছি। ট্রেনিং সেশন ভালো হয়েছে। অনুশীলনে খেলোয়াড়দের মনোযোগ, নিষ্ঠা ভালো ছিল। ছেলেরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

২০১২-১৩ মৌসুমের সেই ট্রেবল জয়ের পুনরাবৃত্তি কি এই দল নিয়ে সম্ভব?

মারুফুল: এই মৌসুমে যখন টিম করা হয়েছিল, তখন আমাদের হাই অফিসিয়ালদের একটা নির্দেশনা ছিল, ট্রেবল জেতার জন্য টিম গঠন করতে হবে এবং সে অনুযায়ী খেলোয়াড় সংগ্রহ করতে হবে। খেলোয়াড় সংগ্রহে ওনারা আন্তরিক ছিলেন এবং প্রায় সব পজিশনে দেশসেরাদের নেওয়া হয়েছে। বিদেশি ফুটবলারের সংগ্রহও ভালো। আমি বিশ্বাস করি, সেভাবে চেষ্টা করলে এবারও ট্রেবল জেতা সম্ভব।

আপনার আক্রমণভাগ বেশ শক্তিশালী। মাঝমাঠেও নির্ভরযোগ্য খেলোয়াড় আছে…

মারুফুল: যদিও আমি মনে করি সব জায়গায় সেরা প্লেয়ার আছে, তারপরও একটা কথা বলতেই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফেন্সে সেরকম প্রতিষ্ঠিত খেলোয়াড় নেই। এ নিয়ে আক্ষেপ আছে আমার। আমরা চেষ্টা করছি, বিদেশি দিয়ে এটা পুরণের। দুইটা সেন্ট্রাল ডিফেন্ডার ছাড়া আমার দলটা অনেক ভালো হয়েছে।

অরূপ বৈদ্য, নাসিরুল ইসলাম, মিশু, নাহিদ এরা সবাই ফুলব্যাক। বড় ম্যাচে সেন্ট্রাল ডিফেন্ডার না থাকাটা আমাদের ভোগাবে।

ক্লাবকে বলেছিলেন আমার এই খেলোয়াড় লাগবে?

মারুফুল: খেলোয়াড় কই?

দুজন বিদেশিকে আজ রেজিস্ট্রেশন করিয়েছেন আপনারা। শুনলাম আরও দুই জনকে ভেবে রেখেছেন?

মারুফুল: কলম্বিয়ার এক ফরোয়ার্ড ও ফিনল্যান্ডের এক ডিফেন্ডারকে রাখা হয়েছে আরও ভালো করে দেখার জন্য। হাতে সময় আছে, দুজনকে আরও ভালোভাবে দেখে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

ঘরোয়া ফুটবলে বিদেশিদের দাপট দেখা যায় বরাবর। স্থানীয়দের কাছে এবার আপনার চাওয়াটা কি?

মারুফুল: বেশি কিছু না। ওরা শুধু নিজেদের স্বাভাবিক, সহজাত খেলাটা খেলুক।

সংবাদ সম্মেলনে স্থানীয় ফুটবলারদের মানসিকতা নিয়ে যা বলছিলেন…

মারুফুল: ১৯৭৮ সালে যখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ওয়ার্নার বেকেলহফট, উনি তখন একট কথা বলেছিলেন 'দেয়ার আর এ লট অফ গোলমাইন ইনসাইড দ্য ফুটবল গ্রাউন্ড'। আমরা এখনও কিন্তু সেখানেই আছি। আমাদের প্লেয়াররা এখনও মাঠে মাথা নিচু করে গোলের খনি খোঁজে। আমরা কিন্তু প্রায় তিরিশ বছর পরে সেখানেই আছি। বেরিয়ে আসতে পারিনি। এটা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এটা তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে।

কদিন আগে জাতীয় দলের সঙ্গে আবাহনীর প্রস্তুতি ম্যাচে দেখা গেলো, আবাহনীর বিদেশি ফরোয়ার্ড লি টাকের সঙ্গে তার সতীর্থরা মানিয়ে নিতে পারছে না। তো আপনাদের আনা ফিকরুকে খেলানোর মতো খেলোয়াড় শেখ রাসেলে আছে কি?

মারুফুল: দেখুন, সত্যিকারের পেশাদার প্লেয়ার দুই-তিনটা সেশনে বুঝে ফেলে তার সঙ্গে কারা আছে। সে অনুযায়ী সে নিজেকে মানিয়ে নেয়। (কেউ যদি) আমাকে বল না দেয়, ঠিক আছে। কিন্তু আমি এমন পজিশনে যাবো, যেখানে আমাকে বল দিতে বাধ্য হবে। আমি সাধারণত যে লেভেলে খেলি, যে পজিশনে খেলি, এখানে এসে যদি সেখানে থেকে বল না পাই, তাহলে আমাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে।

মানিয়ে নেওয়ার দায়িত্বটা কি তাহলে ভালো খেলোয়াড়ের বেশি?

মারুফুল: হ্যাঁ। তাকেই খেলা বের করে নিতে হবে। ভালো প্লেয়ারের দায়িত্ব তাকে বল বের করে নিতে হবে।

অতীতে আপনি একাধিকার বলেছেন, আপনার কোচিং দর্শন মাঝমাঠকেন্দ্রিক। যে দল গড়লেন, তাতে সে পরিকল্পনায় এগুনো সম্ভব?

মারুফুল: না। আমি পরিকল্পনা সাজাই আমার হাতে যে রসদ আছে, সে অনুযায়ী। এখন আমার যদি ওই মানের প্লেয়ার না থাকে, তাহলে তো আমার মাঝমাঠকেন্দ্রিক পরিকল্পনা করে লাভ নাই। (যে খেলোয়াড় আছে) ওদের মতো করে আমার সবকিছু পরিকল্পনা করতে হবে।

সপ্তাহ ছয়েকের প্রস্তুতি কি পরিকল্পনা অনুযায়ী করলেন তাহলে?

মারুফুল: টেকনিক্যাল, ফিজিক্যাল অনুশীলন করেছি। ম্যাচে যাইনি। সে উপায় নেই। (জাতীয় দলের খেলার কারণে) জামাল ভূঁইয়া নেই, শাহেদ নেই।

লিগ দিয়ে শুরু হবে আপনার ট্রেবল জয়ের মিশন। এবারের লিগ কেমন হবে মনে হচ্ছে?

মারুফুল:গতবারের তুলনায় জমজমাট হবে।