ত্রি-মুকুট জেতার প্রত্যয় শেখ রাসেলের
সবার আগে দলবদলের আনুষ্ঠানিকতা সারতে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনের কমতি ছিল না। ঢাক-ঢোলের বাদ্য বাজনার মধ্যে ঐতিহ্যবাহী টমটম গাড়িতে করে বাফুফে ভবনে এলেন এমিলি-রনি-ফিকরুরা। আনুষ্ঠানিকতা সারার পর কোচ, খেলোয়াড়, কর্মকর্তারা দিয়ে গেলেন ২০১২-১৩ মৌসুমের সেই ত্রিমুকুট জয়ের স্মৃতি ফেরানোর প্রতিশ্রুতিও।
দুই বিদেশি ইথিওপিয়ার ফিকরু টেফেরা ও ক্যামেরুনের ইকাঙ্গা জিয়ান জুলসসহ স্থানীয় ২৬ ফুটবলার নিয়ে শনিবার দলবদল সারল শেখ রাসেল। আরও দুই বিদেশিকে দলে নেওয়ার পরিকল্পনা আছে দলটির। বিদেশি খেলোয়াড়দের কোটা পূরণের সময় ৩০ মার্চ শেষ হওয়ার আগে তা সেরে নেওয়া হবে বলে জানান কোচ মারুফুল হক।
২০১২-১৩ মৌসুমে নিজেদের সেরা সময়টা কাটায় শেখ রাসেল। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ জিতে ঘরোয়া ফুটবলে প্রতিষ্ঠিত শক্তি হয়ে ওঠার আগমণী বার্তা শুনিয়েছিল দলটি। কিন্তু পরের মৌসুমগুলোয় ছেদ পড়ে মাঠের পারফরম্যান্সে। গত মৌসুমে লিগে দ্বিতীয় হলেও তার আগের মৌসুমে ষষ্ঠ হয় তারা। গত দুই মৌসুমে কোনো শিরোপার স্বাদ পায়নি শেখ রাসেল।
“শেখ রাসেল ক্রীড়া চক্র গত কয়েক বছর ধরে দল গঠন করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এ বছরও কোনো ব্যতিক্রম নেই। এবারো সেভাবেই দেশি-বিদেশি খেলোয়াড় সংগ্রহ করেছি। আমরা প্রায় ছয় সপ্তাহ যাবৎ অনুশীলন করেছি। ট্রেনিং সেশন ভালো হয়েছে। প্লেয়ারদের মনোযোগ, ডেডিকেশন ভালো ছিল। আশা করি, আগামী টুর্নামেন্টে ছেলেরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে”, যোগ করেন তিনি।
“ফুটবল দলীয় খেলা। এখানকার খেলোয়াড়রা কঠোর অনুশীলন করছে। শেখ রাসেলের ভালো কোচও আছে। আমিও শেখ রাসেলের জন্য কিছু করতে চাই এবং সে কারণেই আমি এখানে।”
ভারত ও বাংলাদেশের কন্ডিশন ‘একই রকম’ উল্লেখ করে ফিকরু বলেন, “আমি চ্যাম্পিয়ন হতে চাই এবং এজন্য আমাকে গোল করতে হবে। ভিন্ন কোচ, সংস্কৃতি, খেলোয়াড়। কিন্তু আমি মনে করি এখানে মানিয়ে নিতে পারব। অর্জনের খাতায় শেখ রাসেলের হয়ে শিরোপা যোগ করতে চাই আমি।”
চাওয়া পূরণের লক্ষ্যে ফিকরুরা সপ্তাহ ছয়েক আগেই কোচ মারুফুলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। ঢাকার বাইরে নিজেদের মাঠ করার পরিকল্পনা থাকলেও আপাতত ঢাকাতেই হচ্ছে অনুশীলন। তবে দলটির ডিরেক্টর ইন চার্জ সালেহ জামান সেলিম জানালেন, ক্লাব সভাপতি দেশে ফিরলেই ঢাকার বাইরের ভেন্যুর বিষয়টি চূড়ান্ত করবেন তারা।
সেটা হলে অবশ্য ঢাকাকেন্দ্রিক হয়ে পড়া ঘরোয়া ফুটবল শেখ রাসেলের কল্যাণে একটু হলেও বাইরে যাওয়ার সুযোগ পাবে।
