সেভিয়ার বিপক্ষে রিয়ালের ছন্দে ফেরার লড়াই
লা লিগার সবশেষ ম্যাচটি লাস পালমাসের মাঠ থেকে জিতে আসলেও খুব একটা ছন্দে ছিল না রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি তাই ক্রিস্তিয়ানো রোনালদোদের জন্য আবার ছন্দে ফেরার লড়াই।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
২৯ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে জিনেদিন জিদানের দল। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
শিরোপা জয়ের আশা ছেড়ে দেওয়ার কথা অনেক আগেই জানিয়েছেন রিয়ালের কোচ জিদান। এখন শুধু দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার কথা ভাবছে তারা। এটা করতে হলেও ছন্দময় ফুটবলই খেলতে হবে করিম বেনজেমা, গ্যারেথ বেল, রোনালদোদের।
নিজেদের মাঠে ভালো করার প্রত্যয় এখন রিয়াল শিবিরে। আর এ ক্ষেত্রে কিছু পরিসংখ্যান তাদের প্রেরণা জোগাতে পারে।
২০০৮ সাল থেকে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে লিগে কোনো ম্যাচ হারেনি রিয়াল। অন্যদিকে এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে সেভিয়া লিগে কোনো ম্যাচ জিততে পারেনি।
২৭ গোল নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জন্যও এই ম্যাচ নিজেকে ফিরে পাওয়ার উপলক্ষ। লা লিগায় গেতাফে আর সেভিয়ার বিপক্ষেই সবচেয়ে বেশি ১৯টি গোল করেছেন পর্তুগালের অধিনায়ক।
