দিল্লিতে ছন্দ হারিয়ে পিছিয়ে সিদ্দিকুর
হিরো ইন্ডিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর রহমান। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে আট জনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে নেমে গেছেন বাংলাদেশের এই গলফার।
দিল্লি গলফ কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে একটি বোগি করেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে সাতজনের সঙ্গে ১৬তম স্থানে ছিলেন ৩১ বছর বয়সী এই গলফার।
২০১৩ সালে দিল্লির এই কোর্সে নিজের দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জেতেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের প্রথম শিরোপাটি তিনি জেতেন ২০১০ সালে; ব্রুনাই ওপেনে।
দিল্লির এই আসরে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার গলফার টেরি পিলকাডারিস।
