দুঃখ ঘোচানোর সুযোগ কাজে লাগানোর স্বপ্ন মেসির
আর্জেন্টিনার হয়ে পর পর দুটি ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারার দুঃখ ভুলতে চান লিওনেল মেসি। এবারের কোপা আমেরিকাকে তার দেশের জন্য ব্যর্থতা ঘোচানোর সুযোগ হিসেবে দেখছেন তারকা এই ফরোয়ার্ড।
মেসির নেতৃত্বে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলে আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তাদের। পরের বছর মেসির নেতৃত্বেই চিলিতে কোপা আমেরিকার ফাইনালে খেলে দুই বারের বিশ্বকাপ জয়ী দলটি। তবে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় তারা।
এ বছরের জুনে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। বার্সেলোনায় এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এই টুর্নামেন্ট নিয়ে নিজের স্বপ্নের কথা জানান মেসি।
“টানা বিশ্বকাপ ও কোপা আমেরিকার দুটি ফাইনাল খেলে একটিতেও জিততে না পারার পর আমাদের আজেন্টিনা দলের জন্য এটা আরেকটা সুযোগ।”
“হেরে যাওয়া ফাইনালগুলো এখনও কষ্ট দেয়, বিশেষ করে যেভাবে আমরা হেরেছি।… এ বছর নতুন সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করব আমরা। আর শিরোপা জিততে সেরাটাই করব। পুরো দল এর স্বপ্ন দেখছে।”
