ইউরোপা লিগের শেষ আটে লিভারপুল
পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করে ইউরোপা লিগের শেষ আটে উঠেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে ড্র এনে দেওয়া গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
শেষ ষোলোর দ্বিতীয় পর্বে গত বৃহস্পতিবার ইউনাইটেডের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরে লিভারপুল। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল অ্যানফিল্ডের দলটি।
পেনাল্টি থেকে গোল করে ৩২তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন অন্তনি মার্সিয়াল। এর পর ব্যবধান বাড়াতে পারত ইউনাইটেড। কিন্তু জেসে লিনগার্ড ও হুয়ান মাতা সহজ সুযোগ নষ্ট করায় তা আর হয়ে ওঠেনি।
অন্যদিকে ইউনাইটেডের রক্ষণে চাপ দিয়ে যাচ্ছিল লিভারপুলও। কৌতিনিয়োর শট দারুণভাবে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। আর অসাধারণ এক ফ্রি-কিকে দে হেয়াকে পরাস্ত করলেও ড্যানিয়েল স্টারিজকে গোলবঞ্চিত করে ক্রস বার।
