২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই টুর্নামেন্টেই খেলতে আত্মবিশ্বাসী নেইমার

কোপা আমেরিকা ও অলিম্পিকে নেইমারের খেলা নিয়ে চিন্তিত বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ক্লাব মৌসুম শেষে এই দুই আসরে খেললে ব্রাজিলের এই ফরোয়ার্ডের ‘ক্ষতি’ হতে পারে বলে আশঙ্কা তার। তবে দেশের হয়ে দুটি আসরে খেলার ইচ্ছা আবারও জানিয়ে নেইমার বলেছেন, নিজের শরীরের ওপর আস্থা আছে তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 04:56 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

আগামী জুনে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। এরপর অগাস্টে রিও দে জেনেইরোতে হবে অলিম্পিক। ব্রাজিল কোচ দুঙ্গা দুটি আসরেই নেইমারকে দলে পেতে চান।

কেবল নেইমার নয়, বার্সেলোনায় খেলা রাফিনিয়া ও দানি আলভেসকে পাওয়া নিয়েও এনরিকের সঙ্গে কথা বলেছেন দুঙ্গা। দুই কোচের আলোচনার ফল অবশ্য এখনও জানা যায়নি। তবে নেইমার জানিয়েছেন, দেশের হয়ে দুটি আসরেই খেলতে চান তিনি।

“আমার বয়স ২৪ বছর; বয়সের এই সুবিধাটা আমাকে নিতে হবে। কয়েক বছর পর আমার সবকিছু করার সামর্থ্য থাকবে না। বিশ্বাস করি, এখন দুটি আসরে খেলার সামর্থ্য আছে আমার।”

“এনরিকের সঙ্গে দুঙ্গার কি কথা হয়েছিল, তার কিছুই আমি জানি না। আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় আমি দুঙ্গার সঙ্গে কথা বলব”, যোগ করেন তিনি।

গ্লোবোর সঙ্গে আলাপচারিতায় দুই আসরে খেলা নিয়ে বার্সেলোনা কোচ এনরিকের সঙ্গেও কথা বলবেন বলে জানান নেইমার।

“দেখা যাক কি হয়, এনরিকের সঙ্গে এবং এর জন্য যারা দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আমি কথা বলতে যাচ্ছি। আশা করি, আমি দুটিতেই খেলতে পারব।”

বিশ্বকাপ, কোপা আমেরিকায় ব্রাজিলের সাফল্য থাকলেও অলিম্পিকে প্রতিবারই হতাশ হয়েছে তারা। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে নেইমার খেললেও মেক্সিকোর কাছে হেরে রুপা পায় তারা। অলিম্পিকে সোনা না পাওয়ার হতাশা ঘোচাতে উন্মুখ নেইমার।

“কোপা আমেরিকা ও অলিম্পিক-এই দুইটার মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া কঠিন। অলিম্পিকই একমাত্র আসর, যেটা ব্রাজিল জিততে পারেনি।”

“প্রত্যাশা অনেক উঁচু। ব্রাজিলের মতো একটি দেশ, যাদেরকে ফুটবলের ‘হোম’ বলা হয়, তাদের কাছে অলিম্পিকের সোনা দুর্লভ কিছু। এটাই একমাত্র পদক, যেটা ব্রাজিল পায়নি। যদি আমি অলিম্পিকে খেলি, সোনা জেতার জন্য সবকিছু করব।”

নিজের একান্ত চাওয়াটা জানালেও বার্সেলোনা, কোচ, ক্লাবের পরিচালক-সবার সঙ্গে আলোচনা করে সেরা সিদ্ধান্ত চূড়ান্ত করতে চান নেইমার।

“যদি পছন্দের কথা বলা হয়, তাহলে আমি ‍দুটোই নেব। কিন্তু যদি একটা পছন্দ করতে বলা হয়, তাহলে আমাকে কথা বলতে হবে এবং অনেক ভাবতে হবে। আশা করি, দুটোতেই খেলব আমি এবং আমার ইচ্ছা এটাই।”