২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছাড়ার ইচ্ছে নেই নেইমারের

বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়ে দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:27 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ডকে রিয়াল মাদ্রিদ পেতে চায় বলে স্পেনের সংবাদমাধ্যমে খবর বের হয়। গুঞ্জন শোনা যাচ্ছে তার ম্যানচেস্টার সিটিতে যাওয়া ঘিরেও। 
 
এখনও নতুন চুক্তি সই না করলেও ২৪ বছর বয়সী নেইমার বার্সেলোনার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, কাম্প নউতেই থাকবেন তিনি। 
 
“আমি মনে করি ফুটবলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলা। আর আমার মনে হয়, সেরারা এখানেই আছে। তাই আমি বার্সেলোনায় সুখেই আছি।”

“এটা এমন একটা দল, যেখানে আমার বাড়ির মতো মনে হয়। আমার সতীর্থরা সব কিছু নিয়ে আমাকে প্রশান্তি দেয়। আমি এখনও বার্সেলোনা ছাড়ছি না,” যোগ করেন নেইমার।
 
বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের জুন পর্যন্ত।
 
‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণত্রয়ীর অপর দুই সদস্য লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে নেইমারের সম্পর্ক দারুণ। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১০৩ গোল করে এই ত্রয়ী।
 
ব্রাজিলের গ্লোবো টিভিকে নেইমার বলেন, “আমি মনে করি, উভয়ে (আমার সেরা বন্ধু)। কারও চেয়ে কেউ কম কাছের নয়। মেসির সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি, এর পর সুয়ারেসের সঙ্গে। আর খুব দারুণ সম্পর্ক তৈরি করেছি আমি।”
 
অনুশীলনেও একে অপরের সঙ্গে খুনসুটি করেন বলেও জানান নেইমার। 
 
“আমরা দারুণ সময় কাটাচ্ছি। আমরা লা লিগায় খুব ভালো করছি। এরই মধ্যে কোপা দেল রের ফাইনালে উঠেছি। আর এখন চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যেতে হবে আমাদের।”