২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে ভালো করার আশা বাংলাদেশের

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে ভালো করতে উন্মুখ। সে লক্ষ্য নিয়েই বুধবার রাতে জর্ডানের উদ্দেশে রওনা দিচ্ছে গনসালো সানচেস মরেনোর শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

আগামী ২৪ মার্চ জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে অবশ্য ১৮ মার্চ আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রেজাউল-জামালরা।

বাছাইয়ে গত সাত ম্যাচে বাংলাদেশের সঞ্চয় বলতে তাজিকিস্তানের বিপক্ষে ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট। বাকি ছয় ম্যাচের হার। গত বছর সেপ্টেম্বরে নিজেদের মাঠে জর্ডানের বিপক্ষে প্রথম লেগে খেলার অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য হতাশার; বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে হারে স্বাগতিকরা।

‘বি’ গ্রুপে এ মুহূর্তে জর্ডান ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে শক্তিশালী মেনে নিয়ে অবশ্য শেষটা ভালো করার আশা বাংলাদেশ কোচ মরেনোর।

“জর্ডানে গিয়ে শুধু আমি একা নই, আমাদের সবাই মুখিয়ে আছে ভালো খেলতে। কিছু দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমাদের লক্ষ্য ভালো খেলা। সবাই এজন্য ভালো প্রস্তুতি নিচ্ছে।”

কোচ প্রস্তুতি ভালো দাবি করলেও আসলে তা নয়। এফসি কাপের জন্য শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পে নিয়মিত পাওয়া যায়নি। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মামুনুল ইসলাম, জাহিদ হোসেনের মতো নির্ভরযোগ্যদের ঠাঁই মেলেনি।

এর সঙ্গে যোগ হয়েছে চোট দুর্ভাবনা। জাহিদ হাসান এমিলির শূন্যতা ঢাকতে নেওয়া ফরোয়ার্ড শাখাওয়াত রনিকে ছিটকে দিয়েছে চোট। কার্ডের খাড়ায় পাওয়া যাচ্ছে না মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে। নির্ভরযোগ্যদের ছাড়া যেতে হচ্ছে বলে হতাশ মরেনোও।

“রনি ইনজুরিতে পড়েছে; এজন্য সে খেলবে না। রনি ও হেমন্ত দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওরা খেললে নিশ্চয়ই ভালো হতো। কিন্তু ওরা তো নেই। কি আর করা।”

“জর্ডানের সঙ্গে পুরো শক্তির দল নিয়ে খেলেও ঢাকায় ৪-০ তে হেরেছি। তবে এখানে ফুটবলে সব কিছু সম্ভব। আমাদের এখন রক্ষণভাগ ভালোভাবে সামলাতে হবে। আমরা কিন্তু মাঠে জেতার জন্যই নামব”, যোগ করেন তিনি।

জয়ের উচ্চাশা অবশ্য দেখাচ্ছেন না অধিনায়ক রেজাউল করিম। ‘ভালো খেলার’ মধ্যে সীমাবদ্ধ থাকছে তার প্রতিশ্রুতি।

“চেষ্টা করব ভালো ফুটবল খেলার। আগের ম্যাচে যেটা রেজাল্ট হয়েছে তার চেয়ে ভালো করব।”