গোলশূন্য ড্রয়েও সিটির ইতিহাস
ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে ঘরের মাঠে পেয়েও জ্বলে উঠতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে তাতে দলটির অসাধারণ এক কীর্তি গড়ার পথে কোনো বাধা আসেনি। দুই লেগ মিলিয়ে জিতে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাবটি।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে পাওয়া ৩-১ গোলের ব্যবধান ধরে রেখেই অসাধারণ কীর্তিটি গড়ে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
প্রতিপক্ষের মাঠে প্রথম পর্বে দুই গোলের ব্যবধানে জিতে আসায় সিটির শেষ আটে ওঠার সম্ভাবনা অনেকটা নিশ্চিতই ছিল। কিন্তু ফিরতি লেগের শুরুতেই চোটের আঘাত দলটির রক্ষণকে দুর্বল করে দিলে কিয়েভের লড়াইয়ে ফেরার পথ প্রসস্ত হয়।
সপ্তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি আর ২৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। প্রতিপক্ষের রক্ষণের দুই মূল খেলোয়াড় না থাকার সুবিধা অবশ্য কাজে লাগাতে পারেনি কিয়েভ।
