মানিকের বিরুদ্ধে চট্টগ্রাম আবাহনীর অভিযোগ
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিককে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তের এক দিন পরই নতুন অভিযোগ তুলল চট্টগ্রাম আবাহনী। নতুন মৌসুমের জন্য অগ্রিম টাকা নিয়েও মানিক ক্লাব ছেড়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে যোগ দিয়েছেন বলে অভিযোগ করেছে বন্দরনগরীর দলটি।
বাফুফেকে দেওয়া চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধূরীর সই করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৫-১৬ মৌসুমের জন্য ক্লাবের কাছ থেকে চুক্তির ১৭ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা নিয়েছেন মানিক। এরপর নীতিবিরুদ্ধভাবে চট্টগ্রাম আবাহনী ছেড়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে যোগ দিয়েছেন তিনি। মানিকের কোচিং লাইসেন্স বাতিল ও শাস্তির দাবি করেছে দলটি।
সেলানগোর এফএর কাছে এফসি কাপের মূল পর্বের ম্যাচে মঙ্গলবার শেখ জামালের ৪-৩ গোলে হারের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। শেখ জামাল কোচ সাবেক ক্লাবের সঙ্গে প্রতারণার অভিযোগ অস্বীকার করেনি।
“বাফুফের শোকজ নোটিশ পাইনি। পেলে কি কারণে এটা করা হলো, সেটা দেখব। আর চট্টগ্রাম আবাহনী অভিযোগ করতেই পারে। তবে আমি যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ছেড়ে দিয়েছি, সেটার সত্যতাও তারা জানে। আমার ছাড়ার এখতিয়ার আছে বলেই আমি হয়ত ছেড়েছি। এটা প্রতারণার কোনো ব্যাপার নয়।”
“কোচকে বলে কয়ে কোনো ক্লাব বহিষ্কার করে না। কোচরাও বলে কয়ে ছেড়ে যাবে, এ কথারও কোনো যুক্তি থাকতে পারে না। এসব অভিযোগের কোনো সত্যতা নেই”, যোগ করেন তিনি।
মানিকের হাত ধরেই চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের গত আসরের শিরোপা জয় করে। ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই কোচের দাবি চট্টগ্রাম আবাহনীর ‘ভাবমূর্তি নষ্ট’ করেননি তিনি।
“এক জনের কারণে আমি দলটাকে ছেড়ে এসেছি। আমি আর উনাদের নিয়ে আর কোনো কথা বলতে চাই না।”
১৫ লাখ টাকা নেওয়া প্রসঙ্গে মানিক বলেন, “যদি আমি টাকা নিয়ে থাকি, তাহলে তো ডকুমেন্ট থাকবে তাদের কাছে এবং সেটা আমি দেখব। শেখ কামাল ক্লাব কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বোনাস মানি দেওয়া হয়েছে, সেটা ধরলে পরিমাণটা অত বড় হতে পারে। কিন্তু সাধারণত কোচকে এত টাকা (মৌসুম শুরুর) আগে দেওয়া হয় না। …সভাপতি (চট্টগ্রাম আবাহনীর) সাহেবও জানেন, আমাকে কত টাকা দেওয়া হয়েছে এবং আমি কেন ছেড়েছি।”
দুঃসময়ে অনেকে ‘সুযোগ’ নিতে চাইছে বলেও অভিযোগ করেন মানিক, “বাফুফে একটা কাজ (শোকজ নোটিশ) করেছে এবার চট্টগ্রাম আবাহনী যদি এই ধারা নিয়ে এগুতে চায়, সেটা ভালো নয়। আমি এক মাস আগে ছেড়েছি, তখন এটা তোলা উচিত ছিল। কিন্তু এখন কেন?”
