২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিফেন্ডার আর গোলরক্ষককে দুষলেন মানিক

জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ার কারণ খুঁজে পেতে কষ্ট হয়নি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিকের। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দুর্ভাগ্যের চেয়ে ডিফেন্ডার আর গোলরক্ষকের ‍ভুলকেই দায়ী করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 10:05 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার এফসি কাপের ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৪-৩ গোলে মালয়শিয়ার সেলানগোর এফএর কাছে হারে শেখ জামাল।
 
ম্যাচ শেষে মানিক কাঠগড়ায় তোলেন ডিফেন্ডার আর গোলরক্ষককে, “এ ম্যাচে আমরা ভাগ্যকেও পাশে পাইনি। তবে ভাগ্যের চেয়ে আমাদের ভুলই বেশি। সোহেল রানা, তপু বর্মন, ইয়াসিন খানরা যেভাবে ডিফেন্স করেছে, গোলরক্ষক শহিদুল যেভাবে শেষ দিকে দুটি গোল উপহার দিয়েছে, তা মেনে নেওয়া যায় না।”
 
প্রথমার্ধের সোহেলের ভুলে সমতায় ফেরে সেলানগোর। বক্সের জটলার মধ্যে প্যাটট্রিক উলেহেরে হেড নেওয়ার সময় শেখ জামালের এই ডিফেন্ডার সামনে থাকলেও প্রতিরোধের কোনো চেষ্টাই করেননি।
 
৭০তম মিনিটে বলের লাইনে না থেকে তৃতীয় গোলটি হজম করেন শেখ জামাল গোলরক্ষক শহিদুল। চতুর্থ গোলটিও সেলানগোরকে ‘উপহার’ দেন তিনি। সেলানগোরের আন্দ্রেস ওলিভির দুর্বল শট শহিদুলের হাতে লেগে জালে জড়ায়।
 
ম্যাচের আগে ফরোয়ার্ডদের কাছে গোল চেয়েছিলেন মানিক, ল্যান্ডিং ডারবো, এমেকা ডারলিংটন ও ওয়েডসেন আনসেলমে-এই তিন বিদেশি ফরোয়ার্ড চাওয়া পূরণ করায় খুশি শেখ জামাল কোচ। তবে দলের স্থানীয় খেলোয়াড়দের খেলায় নিষ্ঠার অভাব দেখছেন তিনি।
 
টানা তিন ম্যাচে হেরে গ্রুপের চার দলের মধ্যে সবার নিচে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্স। ৫ পয়েন্ট নিয়ে ফিলিপিন্সের সেরেস লা সালে দ্বিতীয় স্থানে ও ৩ পয়েন্ট নিয়ে সেলানগোর তৃতীয় স্থানে আছে। বাস্তবতা বুঝে বাকি এফসি কাপের নকআউট পর্বে ওঠার আশা ছেড়ে দেওয়ার কথা জানান মানিক।
 
মূল পর্বে প্রথম জয় পাওয়ায় দারুণ খুশি সেলানগোরের কোচ জয়নাল আবিদিন হাসান। সামনের ম্যাচগুলোয় জয়ের ধারায় থাকার আশা জানিয়ে অতিথি দলের এই কোচ বলেন, “আমরা খুব চাপের মধ্যে ম্যাচটা খেলেছি। আমরাও অনেক ভুল করেছি। তবে জয় এবং তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ।”