ডিফেন্ডার আর গোলরক্ষকের ভুলে শেখ জামালের হার
দুই বিদেশি ফরোয়ার্ডের গোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রথম জয় পাওয়ার সম্ভাবনা উড়ে গেছে ডিফেন্ডার আর গোলরক্ষকের ব্যর্থতায়। এফসি কাপের মূল পর্বে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ল শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার দল সেলানগোর এফএর কাছে শেখ জামালের হারটি ৪-৩ গোলের। আগের দুই ম্যাচে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্সের কাছে ৪-০ ও ফিলিপিন্সের সেরেস লা সালের কাছে ২-০ গোলে হারে মানিকের শিষ্যরা।
এফসি কাপের মূল পর্বে প্রথম জয় পেলো সেলানগোর। সেরেস লা সালের সঙ্গে ২-২ ড্র দিয়ে মূল পর্ব শুরু করা মালয়েশিয়ার দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্যাম্পাইন রোভার্সের কাছে ১-০ গোলে হারে।
প্রথমার্ধের শুরুতে গোছালো ফুটবলের পসরা মেলে শেখ জামালকে চাপে রাখে সেলানগোর। তবে ধীরে ধীরে গুছিয়ে ওঠা শেখ জামালই ল্যান্ডিং ডারবোর অভাবনীয় এক গোলে এগিয়ে যায়। ২৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে হঠাৎ নেওয়া জোরালো শটে প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিক ডিফেন্ডার সোহেল রানার ভুলে সমতায় ফেরে সেলানগোর। বক্সের জটলার মধ্যে প্যাটট্রিক উলেহের হেড গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলকে বোকা বানান। লাইবেরিয়ার এই ফরোয়ার্ড হেড নেওয়ার সময় তার সামনে থাকা শেখ জামালের সোহেল প্রতিরোধের কোনো চেষ্টাই করেননি।
৫৩তম মিনিটে পিছিয়ে পড়ে শেখ জামাল। ডান দিক থেকে আক্রমণে যাওয়া প্যাটট্রিকের ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন মালয়েশিয়ার জাতীয় দলে খেলা মিডফিল্ডার গোপিনাথান রামাচন্দ্র।
এক মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নিয়ে ম্যাচে প্রাণ ফেরায় শেখ জামাল। ৬৫তম মিনিটে ল্যান্ডিংয়ের শট ফিস্ট করার পর নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের ফিরতি হেডও ফেরান সেলানগোর গোলরক্ষক কিন্তু এরপর এমেকা ডারলিংটনের হেড আটকাতে ব্যর্থ তিনি।
পরের মিনিটে ওয়েডসেনের বুদ্ধিদ্বীপ্ত গোলে স্কোরলাইন ৩-২ করে নেয় ঘরোয়া এফসি কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল। জামাল ভূইয়ার বাড়ানো বল ধরে দ্রুত প্রতিপক্ষের বক্সে ঢুকে যান ওয়েডসেন। গায়ে সেঁটে থাকা প্রতিপক্ষের এক ফুটবলারকে হঠাৎ দাড়িয়ে ছিটকে দেওয়ার পর মাপা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েডসেন।
৭০তম মিনিটে ফের সমতায় ফেরে ম্যাচ। গোলরক্ষক শহিদুলকে প্রতিরোধের কোনো সুযোগই দেননি আন্দ্রেস ওলিভি। ৮৪তম মিনিটে গোলরক্ষকের হাস্যকর ভুলে চতুর্থ গোলটি হজম করে শেখ জামাল। আন্দ্রেস ওলিভির দুর্বল শট শহিদুলের হাতে লেগে জালে ঢুকে যায়।
শেষ দিকে জামাল দুটি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে টানা তৃতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সোহেল-শহিদুলদের।
