২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলকে হারিয়ে শিরোপার পথেই লেস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম শিরোপা জয়ের পথে ঠিকমতোই ছুটছে লেস্টার সিটি। সোমবার রাতে নিউক্যাসলকে একমাত্র গোলে হারিয়েছে এ মৌসুমের চমক জাগানো দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 11:29 AM

Updated : 11 Oct 2022, 07:56 PM

মাত্র আট ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে ক্লাওদিও রানিয়েরির দল।

অন্যদিকে, নিউক্যাসলের দায়িত্ব নেওয়ার পর হার দিয়ে শুরু করলেন রাফায়েল বেনিতেস। ম্যাগপাইরা আছে অবনমন অঞ্চলে।

নিজেদের মাঠে  ম্যাচের ২৫তম মিনিটে দর্শনীয় এক ওভারহেড কিকে ফক্সদের জয়সূচক গোলটি করেন জাপানের শিনজি ওকাজাকি।

মাচের আগেও লেস্টার বস রানিয়েরি নিজেদের শিরোপা জয়ে ‘ফেভারিট’ না ভাবার কথা জানান। লক্ষ্য হিসেবে জানান কেবল ইউরোপা লিগের জন্য জায়গা নিশ্চিত করা! তবে সাইডলাইনে দাঁড়িয়ে তার দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা আর লেস্টারের মরিয়া খেলায় বোঝাই গেছে, ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্টর খেলার যোগ্যতা অর্জনের চেয়ে ঢের বেশি চান কোচ-খেলোয়াড়-সমর্থকরা।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট পাওয়া লেস্টার আর্সেনালের চেয়ে চেয়ে ১১ ও ম্যানচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেছে। অবশ্য এই দুটি দল একটি করে ম্যাচ কম খেলেছে। ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার শিরোপা দৌড়ে ভালোভাবেই আছে।