২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলানগোরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া শেখ জামাল

এফসি কাপে টানা দুই ম্যাচের হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। নিজেদের মাঠে খেলা বলে আত্মবিশ্বাসী দলটির কোচ শফিকুল ইসলাম মানিকও। তার আশা ফরোয়ার্ডরা গোল করতে পারলে আর গত দুই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারলে মালয়েশিয়ার দল সেলানগোর এফএর বিপক্ষে জয় আসবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:08 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘ই’ গ্রুপের মুখোমুখি হবে দুই দল। সেরেস লা সালের সঙ্গে ২-২ ড্র করা সেলানগোর নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্যাম্পাইন রোভার্সের কাছে ১-০ গোলে হারে। প্রথম জয়ের খোঁজে থাকা মালয়েশিয়ার দলটিও পুরো ৩ পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

মামুনুল ইসলামসহ নির্ভরযোগ্য খেলোয়াড়দের চলে যাওয়ায় এফসি কাপের শুরু থেকেই খোড়াচ্ছে শেখ জামাল। সিঙ্গাপুরে ট্যাম্পাইন রোভার্সের কাছে ৪-০ গোলে হেরে মূল পর্ব শুরু করে বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটি। এরপর নিজেদের মাঠে ২-০ গোলে ফিলিপিন্সের সেরেস লা সালের কাছে হারে মানিকের শিষ্যরা।

গত দুই ম্যাচে ছয় গোল হজম করা শেখ জামালের ফরোয়ার্ডরা গোল পাননি। মানিকের আশা এবার সে ব্যর্থতা ঘুচবে, “খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ছোটখাট ভুলের কারণে গোল না খাওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। গোল করার মতো খেলোয়াড়ও আছে আমাদের। আমি আশাবাদী।”

“সাম্প্রতিক সময়ের ফলের চেয়ে সেলানগোর ভালো দল। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রস্তুতির সময় শেষ; এখন আমাদের ভুলগুলো খুঁজে শুধরে নিতে হবে”, যোগ করেন তিনি।

সর্বশেষ ম্যাচে লাল কার্ড পাওয়া ডিফেন্ডার ইয়াসিন খানকে এ ম্যাচে পাচ্ছেন না মানিক। আক্রমণভাগে তিন বিদেশি ওয়েডসেন আনসেলমে, ল্যান্ডিং ডারবো ও এমেকা ডারলিংটনের সঙ্গে স্থানীয় ফরোয়ার্ড এনামুল হককে খেলানোর ইঙ্গিত দিয়েছেন শেখ জামাল কোচ।

শেখ জামালকে হারিয়ে গত দুই ম্যাচের হতাশা কিছুটা হলেও দূর করতে চান সেলানগোর কোচ জয়নাল আবিদিন হাসান।

“এরই মধ্যে আমরা দুটি ম্যাচ খেলেছি এবং এক পয়েন্ট পেয়েছি। তাই ভালো খেলে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ এখনও আমাদের সামনে আছে।”

“অবশ্য তিন পয়েন্ট পাওয়ার আশা হোম টিমেরও (শেখ জামাল)। তাই আগামীকালের ম্যাচ দুই দলের জন্য কঠিন হবে।”