রোনালদোদের উন্নতি চান জিদান
লাস পালমাসের বিপক্ষে ম্যাচ জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি হতে পারেননি জিনেদিন জিদান। মৌসুম শেষে সাফল্যের খাতায় কিছু পেতে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।
স্পেনের লা লিগায় গত রোববার পালমাসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা পুরো তিন পয়েন্ট পেয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি চিন্তিত।”
২৯ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
তবে শিষ্যদের সতর্ক করে দিয়ে জিদান বলেন, “আমরা যদি কিছু জয়ের স্বপ্ন দেখতে চাই তাহলে আমাদের আরও ভালো করতে হবে। এটা স্ফটিকের মতো পরিষ্কার। এরকম খেললে আমরা কোথাও যেতে পারব না।”
কোচের সঙ্গে কণ্ঠ মেলান রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসও।
“শিরোপা জিততে আপনাকে অন্য কিছু করতে হবে এবং অন্যভাবে খেলতে হবে।”
