২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেমেনকে উড়িয়ে দিল বায়ার্ন

বুন্দেসলিগার মুকুট ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে চিয়াগো আলকানতারা, টমাস মুলার ও রবের্ত লেভানদোভস্কির নৈপুণ্যে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 01:49 AM

Updated : 20 Aug 2022, 12:08 PM

শনিবার রাতে আলিয়াঞ্জ আরেনায় বায়ার্নের জয়টি ৫-০ ব্যবধানের। আলকানতারা ও মুলার দুটি করে গোল করেন। বায়ার্নের অপর গোলদাতা লেভানদোভস্কি।

নিজেদের মাঠে নবম মিনিটেই আলকানতারার গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার।

দ্বিতীয়ার্ধে আর তিন গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬৫তম মিনিটে মুলার ব্যবধান আরও বাড়ানোর পর ৮৬তম মিনিটে লেভানদোভস্কি স্কোরলাইন ৪-০ করেন। শেষ দিকে আলকানতারা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারীরা।

লিগে ২১তম জয় পাওয়ার পর শীর্ষে থাকা বায়ার্নের ২৬ ম্যাচের সঞ্চয় ৬৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।