সেই লুকাকুতে স্বপ্ন ভাঙল চেলসির
চেলসির এফএ কাপের সেমি-ফাইনাইলে ওঠা হলো না তাদের সাবেক ফরোয়ার্ড রোমেলু লুকাকুর দুই গোলে। এভারটনের মাঠ গুডিসন পার্কে সেরা চারে ওঠার লড়াইয়ে ২-০ ব্যবধানে হেরেছে গাস হিডিংকের দল।
২০১১ থেকে ২০১৩ পর্যন্ত চেলসির থাকা লুকাকু অবশ্য স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে লিগে খুব বেশি খেলার সুযোগ পাননি। ওয়েস্ট ব্রমউইচ আলবিওন ও এভারটনের ধারে খেলতে খেলতে ২০১৪ সালে গুডিসন পার্কে থিতু হন তিনি। বেলজিয়ামের এই ফরোয়ার্ডই শনিবার রাতে এভারটনকে এফএ কাপের সেমি-ফাইনালে তোলেন চার মিনিটের মধ্যে দুই গোল করে।
প্রথমার্ধের শেষ দিকে চেলসির এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ ব্যর্থ হয় হোয়েল রবলেসের দৃঢ়তায়। বক্সের বাইরে থেকে উইলিয়ানের নেওয়া ফ্রি-কিক বাঁক খেয়ে লক্ষ্যে পৌঁছানোর আগে দারুণ দক্ষতায় ফেরান এভারটনের এই স্প্যানিশ গোলররক্ষক।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কস্তার দুরহ কোণ থেকে নেওয়া শটে কেউ পা ছোঁয়াতে পারলেই বল জালে জড়াত।
৭৮তম মিনিটে লুকাকুর দারুণ গোলে এগিয়ে যায় এভারটন। রস বার্কলির বাড়ানো বল ধরে চেলসির দুই খেলোয়াড়ের ফাঁক দিয়ে বেরিয়ে যান লুকাকু। এরপর সামনে থাকা আরও দুই জনকে বোকা বানিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
চার মিনিট পর এফএ কাপের সেমি-ফাইনাল খেলাও অনেকটা নিশ্চিত করে ফেলে এভারটন। এবারও বার্কলি বুদ্ধিদ্বীপ্ত পাস থেকে জোরালো শটে থিবো করতোয়ার পায়ে ফাঁক দিয়ে গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
৮৪তম মিনিটে কস্তা দ্বিতীয় হলুদ কার্ড পেলে চেলসির ম্যাচের ফেরার পথটা বলতে গেলে বন্ধই হয়ে যায়। একটু পর অযথা সেস ফাব্রেগাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের গ্যারেথ ব্যারি।
