ছেলেদের জিমন্যাস্টিকসেও চ্যাম্পিয়ন বিকেএসপি
জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকসে মেয়েদের পর ছেলেদের বিভাগেও দলগত সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)।
এই বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি; মেয়েদের বিভাগেও রানার্সআপ হয়েছিল তারা।
জিমন্যাস্টিকস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় ক্রীড়া পরিষদে শনিবার সিনিয়রদের খেলার দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে ছয়টি ও মহিলা বিভাগে চারটি ইভেন্টে পদকের লড়াই হয়। ২৬৭.২৫ স্কোর নিয়ে দলগত ইভেন্টের সেরা হয় বিকেএসপি।
পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের শহিদুল ইসলাম সাজু (স্কোর ৬৯.০৫); একই দলের সাদ্দাম হোসেন (৬৫.১০) হয়েছেন রানার্সআপ।
গত শুক্রবার মেয়েদের দলগত বিভাগে ১৩৯.২৫ স্কোর গড়ে সোনা জেতে বিকেএসপি। রানার্সআপ আনসার ও ভিডিপির স্কোর ছিল ১২৫.৩৯। ৩৭.৮০ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মেয়েরা।
গত বৃহস্পতিবার বয়স ভিত্তিক পর্যায়ের খেলায় নয়টি সোনা, ১০টি রুপা ও আটটি ব্রোঞ্জসহ ২৭টি পদক নিয়ে সেরা হয় কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ।
