থাইল্যান্ডে দ্বিতীয় রাউন্ডে বিদায় সিদ্দিকুরের
থাইল্যান্ড ক্লাসিকেও হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডের চেয়ে দ্বিতীয় রাউন্ডে আরও বাজে খেলে কাট-এর নিচে থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই গলফার।
ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলায় দুটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ১০৬তম স্থানে থেকে ছিটকে পড়েন তিনি।
প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ৮১তম স্থানে ছিলেন বাংলাদেশের সেরা এই গলফার।
২০১৬ সালে খেলা আগের পাঁচটি প্রতিযোগিতায় তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ পার্থ ইন্টারন্যাশনালেও দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা এই গলফার।
