অদম্য বার্সার সামনে দুর্বল গেতাফে
লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে অদম্য গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। এই পথে লুইস এনরিকের দল এবার সামনে পাচ্ছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুর্বল গেতাফেকে।
নিজেদের মাঠ কাম্প নউয়ে আগামী শনিবার বার্সেলোনা ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
বার্সেলোনা গেতাফের বিপক্ষে খেলতে নামছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার আনন্দ নিয়ে। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও একতরফাভাবে এগিয়ে রাখছে কাতালুনিয়ার ক্লাবটিকে। নিজেদের মাঠে লিগে গেতাফের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচের একটিতেও হারেনি বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদ থেকে গত বছর ধারে গেতাফেতে খেলতে আসা মিডফিল্ডার আলভারো মেদরান অবশ্য কাম্প নউ থেকে ভালো ফল নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
“আমরা খুব আত্মবিশ্বাসী। … নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে আমরা সেখান থেকে ইতিবাচক কিছু নিয়ে যেতে পারি।”
বার্সেলোনার দুর্বলতাকে কাজে লাগানোর হুমকিও দিয়ে রাখেন মেদরান।
“সব দলেরই দুর্বল জায়গা আছে এবং তাদের সে দুর্বল জায়গায় আক্রমণ করতে হবে আমাদের।”
এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া ‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণত্রয়ী। লিগে তিন জনে মিলে এ পর্যন্ত করেন ৬৫ গোল।
পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া নেইমার বার্সেলোনার সবশেষ ম্যাচে খেলতে পারেননি। এইবারের বিপক্ষে ওই ম্যাচে ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন মেসি। সুয়ারেস পান একটি গোল। এ ম্যাচে নেইমারকে ফিরে পেয়ে আরও উজ্জীবিত বার্সেলোনা।
