বিশ্বকাপের পর সিটি ছাড়বেন আগুয়েরো
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেন্দিয়েন্তেতে যোগ দেবেন বলে জানিয়েছেন তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।
সিটির সঙ্গে আগুয়েরোর বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৯ সাল পর্যন্ত। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর আসে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ গোল করা এই ফরোয়ার্ড। তিনি ২০২০ সাল পর্যন্ত সিটিতে থাকতে পারেন বলেও খবরে উল্লেখ করা হয়।
আর্জেন্টিনার একটি রেডিওকে ২৭ বছর বয়সী আগুয়েরো বলেন, “গত কিছু দিন আমার চুক্তি নবায়ন নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমি এটাতে কোনো মনোযোগ দেইনি। আমি জানি, বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হবে। আর আমি ইন্দেপেন্দিয়েন্তেতে ফিরে যাব।”
আতলেতিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২৮ গোল করেন আগুয়েরো। সিটির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
ইন্দেপেন্দিয়েন্তেতে ফুটবল খেলা শুরু করা আগুয়রো বলেন, “এখানে (সিটিতে) তারা জানে আমি কী করতে চাই। তারা জানে, আমি আর্জেন্টিনায় ফিরতে চাই।”
“আমার পরিবার জানে যে, ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার চুক্তি শেষে আমি সেখানে (ইন্দেপেন্দিয়েন্তে) যাব।”
