২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের মাঠে হারল ম্যান ইউ

ইউরোপা লিগে দুই দলের প্রথম দেখায় লিভারপুলের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেরা ষোলোর প্রথম লেগে ২-০ গোলের হারে অ্যানফিল্ডে নিজেদের ব্যর্থতার পাল্লা আরও ভারী করলো লুইস ফন খালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:04 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

গত বৃহস্পতিবার রাতে ম্যাচের ২০ মিনিটে ড্যানিয়েল স্টারিজের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্সের মধ্যে ইউনাইটেডের মেম্পিস ডিপাই ন্যাথানিয়েল ক্লাইনকে ফাউল করলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি।

৭৫তম মিনিটে অ্যাডাম লালানার বাড়ানো বলে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত ফিরমিনো। প্রথমবারের মতো টানা তিন ম্যাচে লিভারপুলের হয়ে গোল করলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

এই হারে ব্যর্থতায় একটা বলয়েই থাকল ইউনাইটেড। ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে সর্বশেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি ওল্ড ট্র্যাফোর্ডের দলটি, এর মধ্যে হার পাঁচটি।

প্রথম লেগের জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো লিভারপুল। জয়ের প্রতিক্রিয়ায় কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, “আবহ ছিল চমৎকার। আমি সবার জন্য ভীষণ খুশি, যারা এই মৌসুমে আমাদের সঙ্গে কঠিন সময় কাটিয়েছে। আজকের রাত (জয়) তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রথম ধাপ।”

আগামী মঙ্গলবার ফিরতি লেগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই দল। লিভারপুল ‘সস্তা গোল পেয়েছে’ দাবি করে দ্বিতীয় লেগের পরিকল্পনাটা জানান ইউনাইটেড কোচ ফন খাল।

“২-০ আমাদের জন্য খুবই কঠিন স্কোর। (ফিরতি লেগে) আমাদেরও একই আবহ তৈরি করতে হবে, যেটা লিভারপুল করেছে।”