২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের প্রতিপক্ষ নিয়ে ভাবছেনই না রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে কোনো ভাবনা নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। এএস রোমাকে হারিয়ে সেরা আটে ওঠার পর পর্তুগিজ এই ফরোয়ার্ড জানিয়েছেন, যে কোনো প্রতিপক্ষের জন্যই প্রস্তুত তার দল রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 09:53 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

সেরা ষোলোর প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে রোমাকে হারায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠার পর লক্ষ্য পূরণের কথা বলেন রোনালদো।
 
“আমি খুশি। ম্যাচ জয় এবং কোয়ার্টার-ফাইনালে ওঠার যে লক্ষ্যটা ঠিক করে রেখেছিলাম, সেটা আমরা অর্জন করেছি।”
 
প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও কোয়ার্টার-ফাইনালের লড়াইটা যে সহজ হবে না, সেটা সতীর্থদের মনে করিয়ে দেন ৩১ বছর বয়সী এই তারকা।
 
“(কোয়ার্টার-ফাইনালের) প্রতিপক্ষ কে, সেটা ব্যাপার নয়। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়। চ্যাম্পিয়ন্স লিগে (আমাদের) এখনও অনেক পথ চলার বাকি রয়েছে। আমরা জানি, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল আরও কঠিন হবে। তবে দল প্রস্তুত।”
 
বের্নাবেউয়ে প্রথমার্ধে দুই দল সমানে সমান লড়লেও দ্বিতীয়ার্ধে রিয়াল ভালো ছিল এবং গোলের সুযোগ বেশি তৈরি করেছিল বলে মনে করেন রোনালদো।
 
রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের প্রশংসায়ও পঞ্চমুখ হন রোনালদো। দ্বিতীয় লেগের ম্যাচে দারুণ কয়েকটা সেভ করা নাভাস সম্পর্কে পর্তুগিজ তারকা বলেন, “আমার মতে, সে দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং শীর্ষ গোলরক্ষক।”