রোনালদোদের পারফরম্যান্সে রোমাঞ্চিত জিদান
এএস রোমার বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে রোমাঞ্চিত জিনেদিন জিদান। ম্যাচ শেষে ক্রিস্তিয়ানো রোনালদো-হামেস রদ্রিগেসদের প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।
নিজেদের মাঠে গত মঙ্গলবার রোনালদো ও হামেসের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে ইতালির ক্লাব রোমাকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল। প্রথম পর্বের ম্যাচটি রোমার মাঠ থেকে একই ব্যবধানে জিতে এসেছিল স্পেনের সফলতম ক্লাবটি।
ম্যাচ শেষে জিদান বলেন, “ম্যাচটি কঠিন ছিল। কিন্তু শেষে আমরা আমাদের পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য অর্জন করেছি। আর আমরা কোনো গোল খাইনি।”
“৯০ মিনিটে অনেক কিছুই ঘটতে পারত। কারণ, আমরা ভালো আর গতিময় ফুটবলারদের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে এগিয়ে ছিলাম,” যোগ করেন তিনি।
জয়ের জন্য পুরো দলকেই কৃতিত্ব দিলেও কয়েক জনের নাম আলাদা করে বলেন জিদান।
“২৬ জনের দল আমাদের। কাসেমিরো দারুণ খেলেছে, যেমনটা সবাই খেলেছে। কিন্তু সে বিশেষ করে রক্ষণে ভালো করেছে। লুকাস ভাসকেসও গুরুত্বপূর্ণ ছিল। যখনই খেলে সে সবকিছু উজাড় করে দেয়।”
“হামেসের গোলটিতে আমি খুশি। কারণ, ও ভালো করে অনুশীলন করছিল। আর তার মতো একজন খেলোয়াড়ের গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ।”
“রোনালদো যতবার মাঠে নামে, ততবারই তার সেরাটা দেখাতে এবং গোল করতে চায়। সে এটাই করেছে,” যোগ করেন জিদান।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ১৩ গোল হলো রোনালদোর। এক মৌসুমে সর্বোচ্চ গোলের নিজের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে এই টুর্নামেন্টে দশম শিরোপা জেতানোর পথে ১৭ গোল করে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ম্যাচের বিভিন্ন সময়ে রিয়ালের কিছু সমর্থক খেলোয়াড়দের দুয়ো দেয়। জিদান দলের সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
“সমর্থকদের দলের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। তারা খেলোয়াড়দের কাছ থেকে সব সময় আরও চায়। আর খেলোয়াড়রাও সব সময় আরও দিতে চেষ্টা করে।”
