রিয়ালের মাঠে রোমার পক্ষে পরিসংখ্যান
এ মৌসুমে রিয়াল মাদ্রিদের অধারাবাহিকতার চিত্র যে কোনো প্রতিপক্ষের জন্য আশার আলো। ঘরের মাঠে অবশ্য ভিন্ন রূপ, সবশেষ ম্যাচের উদাহরণ বাদ দিলে এখানে তারা যেন অদম্য। তবে মঞ্চটা চ্যাম্পিয়ন্স লিগ আর প্রতিপক্ষ রোমা হলে হিসেবটা পাল্টে যায়; পরিসংখ্যান এখানে ইতালিয়ান ক্লাবটিকেই এগিয়ে রাখছে।
ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসায় স্বাভাবিকভাবেই এগিয়ে আছে জিনেদিন জিদানের দল। কিন্তু ফিরতি পর্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রোমা। সান্তিয়াগো বের্নাবেউয়ে সফল ইতিহাসও আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলটির।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরু হবে রিয়াল-রোমার ফিরতি পর্বের ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যে তিনটি দল বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে হারের চেয়ে বেশি জিতেছে, রোমা তাদের অন্যতম। এ পর্যন্ত চারটি ম্যাচের দুটিতে জিতেছে তারা, একটি করে হেরেছে ও ড্র করেছে। অন্য দুটি দল হলো বার্সেলোনা ও আর্সেনাল।
ঘরোয়া লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও আত্মবিশ্বাসী হতে পারে রোমা; সেরি আয় টানা সাতটি ম্যাচ জিতেছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত জানুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত রিয়ালের বিপক্ষে প্রথম লেগেই শুধু হেরেছে তারা।
প্রথম ম্যাচের উদাহরণ টেনে বসনিয়ার এই খেলোয়াড় বলেন, “আমরা জানি, এটা কঠিন হবে, কিন্তু তারপরও আমরা আমাদের সেরাটা দিব। অবশ্যই প্রথম লেগে আমরা অন্তত একটা গোল করার চেষ্টা করেছিলাম, যদিও বিষয়গুলো জটিল ছিল। এখন আমরা একটা পরিপূর্ণ নিখুঁত ম্যাচ খেলার চেষ্টা করব এবং যখনই পারি তাদেরকে আঘাত করব।”
সাম্প্রতিক পারফরম্যান্স ও বের্নাবেউয়ের পরিসংখ্যান রোমাকে আশা দেখালেও প্রত্যাশা পূরণে হয়তো অসাধ্যই সাধন করতে হবে দলটিকে। কারণ এ মৌসুমে রিয়ালের ছন্দে যতই ঘাটতি থাকুক না কেন, নিজেদের মাঠে দারুণ সফল তারা।
গত মাসের শেষ সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের আগে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে ঘরের মাঠে টানা আট ম্যাচে জিতেছিল রিয়াল।
সেল্তার বিপক্ষে বিশাল ব্যবধানে জেতা ওই ম্যাচে একাই চারটি গোল করেন রোনালদো। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা গ্যারেথ বেলও ওই ম্যাচে গোল করেন।
বেল ফিরলেও রেকর্ড দশবারের চ্যাম্পিয়নদের আক্রমণভাগের একটা ঘাটতি থেকেই যাচ্ছে, চোটের কারণে খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তবে বেল-রোনালদো চেনা রূপে খেলতে পারলে তা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় রিয়ালের। তাই এ ম্যাচেও নিশ্চয় এই দুই তারকার জ্বলে ওঠার প্রত্যাশায় থাকবে সমর্থকেরা।
