সেরেসের বিপক্ষে আত্মবিশ্বাসী শেখ জামাল
ফিলিপিন্সের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন সেরেস লা সালে সম্পর্কে তেমন কিছু জানা নেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিকের। তবে নিজেদের মাঠে খেলা বলেই আত্মবিশ্বাসী তিনি। জানিয়েছেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এএফসি কাপের মূল পর্বে জয়ে ফিরতে মুখিয়ে আছে তার দল।
‘ই’ গ্রুপের ম্যাচে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এএফসি কাপের মূল পর্বে শেখ জামালের চেয়ে ভালো শুরু পেয়েছে সেরেস; মালয়েশিয়ার দল সেলেনগোর এফসির সঙ্গে ২-২ ড্র করে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন রোভার্সের কাছে ৪-০ ব্যবধানে হারে শেখ জামাল।
আত্মবিশ্বাসী হলেও শেখ জামাল কোচকে ভাবাচ্ছে প্রস্তুতির ঘাটতি। মামুনুল ইসলাম-নাসিরউদ্দিনের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়রা দল ছেড়ে যাওয়ায় শক্তি কমেছে টুর্নামেন্ট শুরুর আগেই। এর সঙ্গে যোগ হয়েছে, বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচের জন্য ফুটবলারদের ঠিকঠাক অনুশীলনে না পাওয়া। গত ২৩ ফেব্রুয়ারি ট্যাম্পাইনের বিপক্ষের ম্যাচের পর পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ মেলেনি মানিকের।
“প্রথম ম্যাচ খেলে এসে সবাইকে একসঙ্গে পেলাম কই? চারজন তো জাতীয় দলে থেকেই অনুশীলন করেছে। সবাইকে যে কদিন পেয়েছি তাতে করে দলের সমন্বয় বাড়ানোর চেষ্টা করেছি। এখন দেখা যাক কতটুকু ভাল খেলা যায়।”
“আমার লক্ষ্য তো জয়। যে পরিস্থিতির মধ্য দিয়ে শেখ জামাল যাচ্ছে, তাতে আমাদের একটি জয় খুব দরকার। এতে করে কেবল শেখ জামালের নয়, দেশের ফুটবলের সার্বিক চিত্র পাল্টে যাবে”, যোগ করেন চট্টগ্রাম আবাহনীকে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের শিরোপা জেতানো এই কোচ।
“সততার সঙ্গে সবাইকে ম্যাচটা খেলতে হবে। ক্লাবের সঙ্গে বাফুফের কি হলো? দলবদল নিয়ে কি হচ্ছে? সবকিছু ভুলে গিয়ে খেলোয়াড়দের ঝাঁপিয়ে পড়েতে হবে; সেরাটা ঢেলে দিতে হবে।”
কোচের চাওয়া পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ জামাল অধিনায়ক হাইতির ফরোয়ার্ড ওয়েডসনও, “ম্যাচটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটা জিততে চাই। এটা কেবল শেখ জামালের নয়, সবার ম্যাচ। সব সমর্থকদের আমরা পাশে চাই। আমার বিশ্বাস, সবাই মিলে সেরাটা দিতে পারলে ভাল ফল সম্ভব।”
গত বছরই প্রথমবারের মতো ফিলিপিন্সের ঘরোয়া লিগের শিরোপা জিতেছে সেরেস। শেখ জামাল নিয়ে ধারণা নেই কোচ সেরেসের কোচ ফ্রাঙ্কলিন মুয়েসকান। সংবাদ সম্মেলনে তাই স্বাগতিক দলকে সমীহ দেখালেও দক্ষিণ কোরিয়া ও স্পেনের ফুটবলার দলে থাকায় প্রথম জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যের কথা জানালেন তিনি।
“আমরা এখানে ভাল অভিজ্ঞতা নিতে এসেছি। আগের ম্যাচ ড্র করেছি। এবার ৩ পয়েন্ট চাই। তবে, শেখ জামাল নিজেদের মাঠে খেলবে; নিজেদের মাঠে খেলা সব দলই শক্তিশালী। তাদের আক্রমণভাগও ভাল। আমরা বুঝে-শুনে খেলতে পারলে ফল আমাদের পক্ষে যাবে।”
ফিলিপিন্সের হয়ে খেলা ৩৬ বছর বয়স ডিফেন্ডার হুয়ান লুইস গুইরাদোও কোচের সুরে সুর মিলিয়েছেন। স্পেনে জন্ম নেওয়া সেরেসের এই অধিনায়কও বলেন, “(প্রথম ম্যাচ) ড্রয়ের পর জিততে চাই এবং যে কোন কিছুর জন্য আমরা তৈরি।”
