২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমার-সুয়ারেসের শতক 

গতবারের মতো এ মৌসুমেও দুর্দান্ত খেলে চলেছে বার্সেলোনার ‘এমএসএন’ আক্রমণত্রয়ী। লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার মিলে বার্সেলোনার হয়ে এই মৌসুমে এরই মধ্যে ১০০ গোল করে ফেলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 05:32 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

রোববার রাতে এইবারকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে মেসি দুটি ও সুয়ারেস একটি গোল করেন। হলুদ কার্ডের খাড়ায় এ ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন আরেক তারকা ফরোয়ার্ড নেইমার। তার পরিবর্তে নামা মুনির এল হাদ্দাদি করেন অন্য গোলটি।

এইবারের মাঠে লা লিগার এ ম্যাচের আগে এমএসএনের নামের পাশে ছিল ৯৭ গোল। ৪১ ও ৭৬তম মিনিটে মেসির দুটি গোলে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৯৯। আর ৮৪তম মিনিটে সুয়ারেস ‘শতক’ পূরণ করেন।

এ মৌসুমের এখন পর্যন্ত খুব কম ম্যাচই গেছে যেখানে এই তিন তারকার কেউই গোল পাননি। মৌসুমের শুরুতে আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর দারুণভারে ফিরে আসেন, সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত তার গোল সখ্যা ৩৫। লিগে তৃতীয় সর্বোচ্চ ২১ গোল তার।

বার্সেলোনার পক্ষে এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস; সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছেন তিনি। লা লিগার গোলদাতার তালিকায় ২৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

মেসির অবর্তমানে দলকে জয়ের পথে রাখতে দারুণ ভূমিকা রাখা নেইমারের সব মিলিয়ে গোল ২৩টি। এ সময়ে সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেনও ব্রাজিলের অধিনায়ক।

গত মৌসুমে দলকে ‘ট্রেবল’ জেতাতে এই তিন জনে মিলে ১২২ গোল করেছিল। এবারও তারা যে ছন্দে গোল করে চলেছে তাতে গতবারের সাফল্য টপকে যাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।