ব্রাজিল দলে কাকার জায়গায় ফিরমিনো
চোট পেয়েছেন ব্রাজিল দলের মিডফিল্ডার কাকা। তার জায়গায় উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন রবের্তো ফিরমিনো।
শনিবার কাকা তার ক্লাব অরল্যান্ডো সিটির অনুশীলনে ঊরুতে আঘাত পান। এ কারণে মেজর লিগ সকার (এমএলএস) এর নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি ২০০৭ সালের বিশ্বসেরা এই তারকা ফুটবলার।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর। আর দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৯।
উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাঠে আগামী ২৬ মার্চ খেলবে ব্রাজিল। এর চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবেন নেইমাররা।
