২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসিকে সারাজীবন খেলানোর মতো জাদুকর নই আমি’

লিওনেল মেসির জাদুকরী ফুটবল তার ৪০ বছর বয়স পর্যন্ত দেখতে চান লুইস এনরিকে। তবে এই আর্জেন্টাইন তারকাকে সারাজীবন খেলানোর জাদু মন্ত্র জানা নেই বার্সেলোনা কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:31 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

মেসিকে সারাজীবন খেলানোর ‘অসম্ভব ইচ্ছার’ প্রসঙ্গে এনরিকে বলেন, “আমি এক জন কোচ এবং মনে করি, আমি এক জন ভালো কোচ। তবে জাদুকর নই।”

স্পেনের গণমাধ্যমের খবর, সামনে ছয় বছরের জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। আর এটা বাস্তবায়িত হলে ৩৫ বছর বয়স পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এনরিকে অবশ্য সম্ভাব্য এই চুক্তি শেষেও মেসিকে বার্সেলোনায় দেখতে চা্ন। তবে বয়সের ভার সব খেলোয়াড়ের উপরই যে প্রভাব ফেলে, কঠিন এই বাস্তবতা মানেন তিনি।

“লিওনেল মেসি নিজে যতদিন চাইবে ততদিন সেরা খেলোয়াড় থাকবে, কিন্তু একটা সময় আসে যখন বয়স সবার উপরে প্রভাব ফেলে।”

"(মেসির অসাধারণ পারফরম্যান্স) তার ৪০ বছর বয়স পর্যন্ত দেখতে চাই। কিন্তু এর পরের বিষয়ে মন্তব্য করার মতো কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমার নেই।”

এ বছরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা মেসি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল করেছেন। এ মৌসুমে লা লিগায় দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।