২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে বার্সার সঙ্গে আলোচনা করবেন দুঙ্গা

এ বছরের কোপা আমেরিকা ও অলিম্পিকে নেইমারের খেলার বিষয় তার ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনা করবেন ব্রাজিল কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:19 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

কোপা আমেরিকার শতবর্ষী আসরটি হবে এ বছরের জুনে যুক্তরাষ্ট্রে। আর অগাস্টে অলিম্পিক গেমস হবে ব্রাজিলের রিও দে জেনেইরোতে।

বার্সেলোনায় খেলা ব্রাজিলের তিন খেলোয়াড় নেইমার, রাফিনিয়া ও দানি আলভেসকে দুটি টুর্নামেন্টেই পেতে চান দুঙ্গা।

বার্সেলোনা কোচ লুইস এনরিকে শনিবার বলেন, “এটা নিয়ে কথা বলব আমরা। দুঙ্গা এখানে আসছে তার খেলোয়াড়দের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। আর তার এখানে আসা ও কথা বলার এটাই ঠিক সময়।”

“তার জন্য কী সবচেয়ে ভালো হয় তা নিয়ে কথা বলব আমরা। ক্লাব আর তার (দুঙ্গা) দেশের জন্য কী সবচেয়ে ভালো হয় তা নিয়েও কথা বলব আমরা,” যোগ করেন এনরিকে।

গত বছর হাঁটুর অস্ত্রোপচার করানো মিডফিল্ডার রাফিনিয়া তার পুরো ফিটনেস শিগগিরই ফিরে পেতে যাচ্ছেন বলে জানান এনরিকে।

“এটা ভালো খবর যে, সে (রাফিনিয়া) ব্রাজিলের হয়ে অলিম্পিক খেলার কথা ভাবছে। চোটের কারণে মৌসুমটা তার জন্য দুর্ভাগ্যজনক হয়েছে। কিন্তু চিকিৎসকরা কী বলেন, আমরা সেই অপেক্ষায় আছি।”