২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর মতো পারতেন না জিদান

মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক! আর সব মিলিয়ে ২৬ মিনিটের মধ্যে চার গোল। ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসায় রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এতটাই পঞ্চমুখ যে বলেও দিলেন, পর্তুগিজ ফরোয়ার্ডের মতো পারতেন না তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 03:17 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

পুরনো খবর:

তেলমো সাররাকে ছাড়িয়ে মেসির পেছনে রোনালদো
রিয়ালের গোলবন্যায় রোনালদোর এক হালি

লা লিগার ম্যাচে গত শনিবার রাতে সেল্তা ভিগোকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে চার গোল করেন রোনালদো। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ হন জিদান।

“সে মাদ্রিদে আছে, সে শক্তিশালী, সে ভালো খেলছে এবং সে চল্লিশ মিনিটে চার গোল করতে পারে। আমি কখনও এটা করতে পারতাম না।”

রোনালদোকে রিয়াল সমর্থকদের দুয়ো দেওয়া নিয়ে জিদান বলেন, “সমর্থকরা শুধু রোনালদোকে দুয়ো দেয়নি। তারা সব সবসময় খেলোয়াড়দের কাছে আরও বেশি চায়। আরও বেশি দিতে পারাটা ভালো এবং আমরা আরও দিতেও চাই। ক্রিস্তিয়ানো চার গোল করতে পেরেছে; সে অপূর্ব। সে যেটা করেছে, তা খুব অল্প সংখ্যক খেলোয়াড়ই পারে।”

প্রথমার্ধে পেপের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁক খাওয়ানো দারুণ এক শটে গোলের খাতায় নিজের নাম তোলেন রোনালদো। ৫৭তম মিনিটে ডি-বক্সের খানিকটা বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৫০তম মিনিটে করা রোনালদোর প্রথম গোলটির কারণে ম্যাচ সহজ হয়ে যায় বলেও জানান জিদান, “আমরা জানি, নব্বই মিনিট ভালো খেলা কঠিন। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আমরা দারুণভাবে ফিরে আসি। যখন আমরা দ্বিতীয় গোলটি করি, সবকিছুই সহজ হয়ে যায়।”

রিয়ালের পাওয়া ৭-১ ব্যবধানের জয়ে রোনালদো, পেপে ছাড়াও গোল করেন হেসে ও গ্যারেথ বেল। চোট কাটিয়ে ফেরা বেলের প্রশংসাও করতে ভোলেননি জিদান।

“বেলকে ভালো অবস্থাতেই দেখলাম। অনেক দিন পর খেলতে পেরে সেও খুশি। আমি মনে করি, সে আরও খেলতে প্রস্তুত।”